ভেনাসকে হারিয়ে ফাইনালে সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বোনের লড়াই। দুজনে মুখোমুখি দীর্ঘ চার বছর পর। তবে এ লড়াইয়ে পারলেন না বড় বোন ভেনাস উইলিয়ামস। ভেনাসকে সরাসরি ৬-১, ৬-২ গেমে উড়িয়ে ফ্যামিলি সার্কেল কাপের ফাইনালে উঠে গেছেন সেরেনা উইলিয়ামস।যুক্তরাষ্ট্রের চার্লসটনের সবুজ কোর্টে গতকাল শনিবার ভেনাসকে হারাতে সেরেনা সময় নেন মাত্র ৫৪ মিনিট। তবে ম্যাচ শেষে ভেনাসের প্রশংসাই করেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা, ‘ভেনাস দারুণ একটা সপ্তাহ কাটিয়েছে। সত্যি বলতে, ওকে অনেকগুলো ম্যাচ খেলতে না হলে লড়াইটা বেশ কঠিনই হতো।’শুক্রবার সেরেনা ও ভেনাস প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলেছেন। এর ঠিক পরের দিনই হলো সেমিফাইনাল। বোধ হয় সেই চাপটাই নিতে পারেননি ভেনাস। এ সম্পর্কে সেরেনা বলেন, ‘ভেনাস এটি কখনোই স্বীকার করবে না। তবে আমি মনে করি, সে শতভাগ ফিট ছিল না।’বয়সে সেরেনার চেয়ে এক বছরের বড় ভেনাস। সেরেনার বয়স ৩১ বছর, আর ভেনাসের ৩২। এ পর্যন্ত মোট ২৪ বার মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকাদ্বয়। এর মধ্যে ছোট বোন সেরেনা জিতেছেন ১৪টিতে। সূত্র: রয়টার্স।