ভেনাসের হয়ে সেরেনার প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার যখন কোর্টে খেলছিলেন ভেনাস উইলিয়ামস, কোচ-প্রেমিক প্যাট্রিক মুরাতগলুকে নিয়ে গ্যালারিতে ছিলেন বোন সেরেনা। কোথায় বোনের জয় দেখবেন তা নয়, দেখতে হলো পরাজয়। ১৯ বছর বয়সী ব্রিটিশ তরুণী লরা রবসনের কাছে হেরে গেলেন সাতটি গ্র্যান্ড স্লামের মালিক। বোনের পরাজয় দেখে তাঁর চিন্তায় ‘প্রতিশোধের’ ব্যাপারটি এসেছিল কি না, কে জানে। রোম মাস্টার্স টেনিসের দ্বিতীয় রাউন্ডেই সেরেনা ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিলেন রবসনকে।নিজের সহজাত খেলাটা খেলার চেষ্টা করলেও সেরেনার অভিজ্ঞতা আর দমের কাছে পেরে উঠতে পারেননি রবসন। তবে এরই মধ্যে বিশ্ব টেনিসে ‘দৈত্য হন্তারকের’ পরিচিতি পাওয়া রবসন প্রশংসা কুড়িয়েছেন প্রতিপক্ষেরও। ‘সত্যিই খুব ভালো খেলেছে ও। আমার বিশ্বাস, ভবিষ্যতে ও খুব ভালো করবে’—ম্যাচ শেষে রবসনের প্রশংসায় সেরেনা।সেরেনার জয়ের দিনে বিদায় নিয়েছেন সাবেক দুই শীর্ষ তারকা ক্যারোলিন ওজনিয়াকি ও আনা ইভানোভিচ। পুরুষ বিভাগে মাদ্রিদ ওপেনের দুঃস্মৃতি ভুলে জয়ের ধারায় ফিরেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে গ্রিগর দ্রিমিত্রভের কাছে ধরাশায়ী জোকোভিচ এদিন ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন স্পেনের আলবার্ট মন্তানেসকে। তবে চোটের কাছে হার মেনে বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই অ্যান্ডি মারে। এখন ফ্রেঞ্চ ওপেনে খেলাটাই হুমকির মুখে অলিম্পিক চ্যাম্পিয়নের। এএফপি।