ভেনেজুয়েলাকে সমীহ চিলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকার সবচেয়ে দুর্ভাগা দলটির নাম চিলি। চারবার ফাইনালে গিয়েও একবারও ট্রফিটা উঁচিয়ে ধরতে পারেনি। এবার আর্জেন্টিনায় শিরোপা না জেতার আজন্ম এই আক্ষেপই মুছে ফেলার পণ চিলিয়ানদের। এই স্বপ্নের পথে তাদের কোয়ার্টার ফাইনাল বাধা ভেনেজুয়েলা। যাদের ইতিহাস ঠিক অন্য রকম। পরাশক্তি ব্রাজিলের প্রতিবেশী হলেও ভেনেজুয়েলানদের ফুটবল ইতিহাসে ঔজ্জ্বল্য কিছু নেই। দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ হিসেবে ভেনেজুয়েলাই এখনো বিশ্বকাপ খেলেনি।দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ১৯১৬ সালে শুরু হলেও ভেনেজুয়েলা প্রথম অংশগ্রহণ করে দীর্ঘ ৫১ বছর পর, ১৯৬৭ সালে। তবে অতীতের এই অন্ধকার ইতিহাসটা ঠিক বর্তমানের সঙ্গে যায় না। সেই থেকে কোপায় মোটামুটি নিয়মিত ভেনেজুয়েলার ফুটবলে ২০০০ সালের পর থেকে জাগরণের ঢেউ। ২০০৭ সালে প্রথমবার কোপার আয়োজক হয়েই তারা পৌঁছে যায় কোয়ার্টারে।এবার কোয়ার্টার ফাইনালে টানা দ্বিতীয়বারের মতো। বিদেশের মাটিতে প্রথম। তবে এখানেই থেমে না গিয়ে আরও ‘প্রথমের’ জন্ম দেওয়ার বাসনাই ভেনেজুয়েলানদের। পারফরম্যান্সেও তারই আভাস। গ্রুপ পর্বে নজরকাড়া ফুটবলই উপহার দিয়েছে কোচ সিজার ফারিয়াসের দল। প্রতিপক্ষ চিলিয়ান স্ট্রাইকার এস্তেবান পারেদেস যেমন বলছেন, ‘আমরা ওদের খাটো করে দেখছি না। আমি বলব, গ্রুপ পর্বে তারা ব্রাজিলের চেয়েও ভালো ফুটবল খেলেছে। আমি মনে করি, কঠিন পরীক্ষাই আমাদের সামনে।’ চিলির কোচ ক্লাদিও বোর্গির কণ্ঠেও প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা, ‘ভেনেজুয়েলানদের সবাই এখন সমীহর চোখেই দেখে। তারা প্রচুর উন্নতি করেছে।’ভেনেজুয়েলার কোচ ফারিয়াস অবশ্য ভালো দলের ‘তকমা’ এখনই নিতে রাজি নন। হয়তো চাপটা নিতে চাইছেন না। তবে কণ্ঠে লড়াইয়ের ইঙ্গিত, ‘আমরা হয়তো গ্রেট দল নই। কিন্তু ভেনেজুয়েলার এ দলটি লড়াই করতে জানে। আমরা জয়, ড্র কিংবা হেরেও যেতে পারি—কিন্তু অবশ্যই সেটি হবে সম্মানের সঙ্গে। আমরা আরও ভালো করতে চাই।’অ্যালেক্সিস সানচেজ চিলির বড় ভরসা। তবে দুশ্চিন্তার নাম চোট। মাতিয়াস ফার্নান্দেজের সঙ্গে গঞ্জালো জারা এবং লুইস হিমেনেজকে নিয়ে সংশয়। চিলি অনুপ্রেরণা খুঁজতে পারে ইতিহাস থেকেও। দুদলের ২১ বারের সাক্ষাতে ১৫ বারই জয় তাদের, ভেনেজুয়েলার জয় একবার। কোপার পরিসংখ্যানটাও একপেশে। ৯টি সাক্ষাতে চিলির ৭ জয়, ভেনেজুয়েলা জয়ের মুখই দেখেনি। কিন্তু ফুটবল এমন কিছু দিন আসে যখন পরিসংখ্যান বোবা হয়ে যায়। আজ হয়তো সেই দিন। এএফপি।