ভেনেজুয়েলার কাছে হারল আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো সেদিনই চিলিকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলে শুভ সূচনা করেছিল লিও মেসির আর্জেন্টিনা। কিন্তু কাল পুয়ের্তো লা ক্রুজে ভেনেজুয়েলার কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।লাতিন অঞ্চলে একমাত্র ভেনেজুয়েলারই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই। গত কোপা আমেরিকায় বুঝিয়ে দিয়েছিল তারা এখন আর ছেলেখেলার পাত্র নয়। কিছুদিন আগে কলকাতায় এই আর্জেন্টিনার কাছেই ন্যূনতম গোলে হেরেছিল তারা। কাল ঘরের মাঠে বাগে পেয়ে দুবারের বিশ্বকাপজয়ীদের লজ্জাতেই ফেলেছে তারা। ম্যাচের ৬১ মিনিটে রক্ষণ ভাগের খেলোয়াড় ফার্নান্দো আমোরেবিয়েতা হুয়ান আরানগোর কর্নার থেকে হেড করে জয়সূচক গোলটি করেন।ভেনেজুয়েলার এ জয়কে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছে দেশটির সংবাদমাধ্যম। অথচ শুক্রবারই ইকুয়েডরের বিরুদ্ধে ২-০ গোলে হারের পর জাতীয় দলের সমালোচনায় মুখর ছিল তারা।চিলির বিপক্ষে বড় জয় আর্জেন্টাইন ফুটবলারদের আয়েশি করে তুলেছিল কি না, কে জানে। কিন্তু কাল দলটির বড় বড় তারকার প্রায় সবাই ছিলেন দারুণ নিষ্প্রভ। এটি কোচ আলেসান্দ্রো সাবেলার প্রথম পরাজয়। আলেসান্দ্র বলেন, ‘ম্যাচের প্রথম ২৫ মিনিট আমরা ভালোই খেলেছিলাম। এরপরই ভেনেজুয়েলা নিজেদের গুছিয়ে নেয়। মাঠে পরবর্তী সময়ে তারা আমাদের ওপর চড়াও হয়েই খেলেছে।’ রয়টার্স।