ভেনেজুয়েলার বিপক্ষে সহজ জয় স্পেনের
প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে স্পেন। প্রথমার্ধেই ভিয়া, পেদ্রো ও জাবি আলোনসোর গোল দিয়ে জয় নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়নরা। গতকাল ভেনেজুয়েলার মাটিতে এ জয়টা দিয়ে এক নতুন রেকর্ড গড়ে ফেলেছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। ৪৪টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৩৯টিতেই জয় পেয়ে তিনি পেছনে ফেলেছেন তাঁর পূর্বসূরি লুইস অ্যারাগোনেসকে।খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই দূরপাল্লার বাঁকানো শট থেকে চমত্কার এক গোল করে স্পেনকে এগিয়ে দেন ভিয়া। ২০ মিনিটের মাথায় ভিয়ায় সহায়তায় ভেনেজুয়েলার জালে বল জড়িয়ে দেন পেদ্রো। প্রথমার্ধের শেষ মুহূর্তে স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জাবি আলোনসো। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় থাকলেও গোলের দেখা পাননি লা রোজারা। তবে বদলি হিসেবে মাঠে নামা তোরেস একটা চমত্কার গোলের সুযোগ নষ্ট না করলে হয়তো ব্যবধান আরও বাড়াতে পারতেন তাঁরা।৩-০ গোলের সহজ জয় পেলেও অত্যধিক গরমের জন্য বেশ কষ্ট করতে হয়েছে স্প্যানিশ ফুটবলারদের। ম্যাচ শেষে স্প্যানিশ টিভিকে দেওয়া সাক্ষাত্কারে পেদ্রো বলেছেন, ‘ম্যাচটা খুবই কঠিন ছিল। মাঠের অবস্থা আর গরমের জন্য আমাদের বেশ কষ্ট করতে হয়েছে।’ ভেনেজুয়েলার বিপক্ষে এই জয়টা ইউরো ২০১২ বাছাইপর্বের জন্য স্পেনকে অনেক আত্মবিশ্বাস এনে দেবে বলে মনে করছেন স্পেন কোচ দেল বস্ক। আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে এই বাছাইপর্বের লড়াই। রয়টার্স।