ভেন্যু থাকছে না উডেন ফ্লোর জিমনেসিয়াম!
এসএ গেমসের জন্য ব্যাডমিন্টনের ভেন্যু করা হয়েছিল উডেন ফ্লোর জিমনেসিয়ামকে। গেমস দুয়ারে কড়া নাড়তে থাকলেও এখনো সেটি তৈরি হয়নি। তাই স্বাগতিক দেশের খেলোয়াড় হয়েও সেই সুবিধাটা পাচ্ছেন না পরশ, রইস, কণিকা, শাপলারা। নির্মাণকাজ যথাসময়ে হয়তো শেষ হতে পারবে না। তাই সাভারের বিপিএটিসি (বাংলাদেশ লোকপ্রশাসন ট্রেনিং সেন্টারে) অথবা বিকেএসপিকে বিকল্প ভেন্যু হিসেবে ভেবে রেখেছে আয়োজক কমিটি।স্বাগতিক হওয়ার সুবিধাটা যে কাজে লাগানো যাচ্ছে না, এটা স্বীকার করেছেন ফেডারেশন সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান রানা, ‘হ্যাঁ, এটা সত্যি, আমরা স্বাগতিকের সুবিধাটা পাচ্ছি না। তবে মহিলা ক্রীড়া কমপ্লেক্সেও প্রস্তুতি মন্দ হচ্ছে না।’এসএ গেমসের জন্য কালই ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্যাডমিন্টন ফেডারেশন। ব্যাডমিন্টনের মালয়েশিয়ান কোচ আলভিন এই দলকে নিয়ে দারুণ আশাবাদী, ‘আমি মনে করি, এই দলের ফিজিক্যাল ফিটনেস আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। অন্য দেশগুলো সম্পর্কে ধারণা না থাকলেও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে ছেলেরা।’ পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈত, পুরুষ দলগত ও মহিলা দলগত—এ সাতটি ইভেন্টে হবে খেলা।পুরুষ দল: মনোয়ারুল আলম বাবুল (ম্যানেজার), চিউ মিং ইয়াও আলভিন (কোচ), রাসেল কবির সুমন (অধিনায়ক), আহসান হাবিব পরশ, রইস উদ্দিন, সাইফ উদ্দিন, এনামুল হক ও জামিল আহমেদ দুলাল।মহিলা দল: গোলাম আজিজ জিলানী (ম্যানেজার), হাসিবুর রহমান (কোচ), কণিকা রানী, শাপলা আক্তার, এলিনা সুলতানা, দুলালী হালদার, রোজিনা আক্তার, জেবুন্নিসা সীমা।