ভেন্যু বাতিলে ক্ষুব্ধ কক্সবাজার
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ হবে না কক্সবাজারে। সৈকতছোঁয়া গলফ মাঠে প্রায় ২০ কোটি টাকায় নির্মীয়মাণ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হবে, এমনটাই আশা করেছিল সমুদ্রশহরের জনগণ। কিন্তু সূচিতে বিশ্বকাপের কোনো ম্যাচ নেই। আর এটা জেনে ফুঁসে উঠেছে গোটা কক্সবাজার। এখানে ম্যাচ আয়োজনের দাবিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন সামাজিক সংগঠন।
‘কক্সবাজার বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে কাল বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে হয়েছে মানববন্ধন ও সমাবেশ।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা, সিভিল সোসাইটি, সাংবাদিক ইউনিয়ন, জেলা উদীচী, জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ, কক্সবাজার সাংবাদিক সংসদ, প্রথম আলো বন্ধুসভা, কক্সবাজার জেলাবাসী, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, ঝাউতলা সৈকত ক্রীড়া সংঘসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
স্থানীয় সাংসদ লুৎফর রহমান বলেন, ‘অদৃশ্য কারণে কক্সবাজার ভেন্যু বাতিল করা হয়েছে। এতে জেলার ২৪ লাখ মানুষ হতাশ। ২৮ অক্টোবর আইসিসির প্রতিনিধিদলের কক্সবাজার ভেন্যু পরিদর্শনের সিদ্ধান্ত ছিল। কিন্তু রহস্যজনক কারণে ভেন্যু না দেখে বিশ্বকাপ আসর থেকে কক্সবাজারকে বাদ দেওয়া হয়েছে।’
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিমউদ্দিন খুব হতাশ। বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ক্ষোভের সঙ্গে বলেন, ‘পাঁচ বছর ধরে এই ক্রিকেট স্টেডিয়ামের পেছনে কষ্ট করছি। উদ্দেশ্য ছিল বিশ্বকাপের ম্যাচ পাব। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকার পরও কেন কক্সবাজার ভেন্যু বাদ গেল জানতে চাই।’
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি শেষে ভেন্যু স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপিতে দাবি করা হয়, কক্সবাজারে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসলে সারা বিশ্বে সমুদ্রসৈকতের পর্যটনশিল্পের বিকাশ ঘটবে। বাড়বে বিদেশি বিনিয়োগ।