ভেন্যু বাতিলের আশঙ্কা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে ঢাকায় শেষ হয়েছে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। আট জাতির এই টুর্নামেন্ট শেষ করে তৃপ্তির ঢেকুর তুলছে আয়োজক বাংলাদেশ হকি ফেডারেশন। তবে বসে থাকার সময় নেই। আগামী অক্টোবরে ঘরের উঠোনে আরও বড় টুর্নামেন্ট—এশিয়া কাপ হকি। খেলবে ভারত, পাকিস্তান, মালয়েশিয়ার মতো দল। কিন্তু ঢাকায় টুর্নামেন্টটি আদৌ হবে কি না, তা নিয়ে এখন ঘোর সংশয়! এশিয়া কাপ আয়োজনের মূল শর্তই যে এখনো পূরণ হয়নি। ফ্লাডলাইট না থাকায় ঢাকা থেকে ভেন্যু সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিতে শুরু করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)!
সেই ইঙ্গিতটা ভালো ঠেকছে না হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেকের কাছে, ‘এফআইএইচ থেকে গতকাল (পরশু) আমরা একটা মেইল পেয়েছি। ওরা জানতে চেয়েছে, আমাদের ভেন্যুর ফ্লাডলাইট বসানোর অগ্রগতি কত দূর? আমরা নভেম্বর পর্যন্ত সময় চেয়েছি। কিন্তু ওই সময় সংস্থার ব্যস্ত সূচি থাকায় ঢাকার টুর্নামেন্টের জন্য এফআইএইচের লোকবলের সংকট হতে পারে। তাই এশিয়া কাপ অন্য ভেন্যুতে করার চিন্তাভাবনা করছে তারা। ফ্লাডলাইটের ব্যাপারে দ্রুত আমাদের একটা জবাব পাঠাতে বলেছে এফআইএইচ।’
ফ্লাডলাইট বসাতে কয়েক মাস থেকেই সরকারের দিকে চেয়ে আছে হকি ফেডারেশন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় কোনো অগ্রগতি নেই। আবদুস সাদেক বলছেন, ‘আমি এফআইএইচের মেইল পেয়েই সেটি এনএসসির সচিবকে জানিয়েছি। উনি বলেছেন, বিষয়টি পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাস হওয়ার পরই আমরা টেন্ডার দিতে পারব। আশা করি, খুব শিগগির ফ্লাডলাইট বসানোর কাজ শুরু করতে পারব।’ কিন্তু পুরো প্রক্রিয়া শেষ করে মওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্লাডলাইট বসাতে কত দিন লাগবে, সেটা নির্দিষ্ট করে জানা যাচ্ছে না।
১৯৮৫ সালে ঢাকায় হয়েছিল এশিয়া কাপ হকি। প্রায় ৩২ বছর পর আবারও বাংলাদেশকে এশিয়া কাপের ভেন্যু করা হয়েছে। সময়মতো ফ্লাডলাইট না বসানোয় সুযোগটা কি হাতছাড়া হয়ে যাবে?