ভেরনকে ফ্যাবিয়ানোর জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পেলে একটা কিছু বলেন তো, কালই তার জবাব দেন ডিয়েগো ম্যারাডোনা। কথার লড়াই বা মনস্তাত্ত্বিক যুদ্ধ, যা খুশি বলতে পারেন। তবে ফুটবলে ব্রাজিল আর আর্জেন্টিনার এই লড়াইটা চিরন্তন। বিশ্বকাপ শুরু হতে না-হতেই ব্রাজিল-আর্জেন্টিনার দারুণ আকর্ষক এই লড়াইটা জমে উঠেছে। এক পশলা পেলে-ম্যারাডোনা কথার লড়াই হয়ে গেল। এখন চলছে হুয়ান ভেরন বনাম লুইস ফ্যাবিয়ানো। দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ঠিকঠাকভাবে এগোতে থাকলে ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সুযোগ নেই ব্রাজিল-আর্জেন্টিনার। এক দল গ্রুপ চ্যাম্পিয়ন আর অন্য দল গ্রুপ রানার্সআপ হলে দেখা হবে সেমিফাইনালে। কিন্তু দুই দল কথার লড়াইটা শুরু করে দিয়েছে অনেক আগেই। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনের আগে কোচ ম্যারাডোনার মতো ব্রাজিলকে খোঁচা দিয়ে রেখেছেন আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম ভরসা ভেরনও। ব্রাজিলের সাম্বা নাচ, আনন্দ-উচ্ছলতায় ভরা জীবন নিয়ে কৌতুক করেছেন তিনি। বলেছেন, ‘বিশ্বকাপটা যদি শুধু আনন্দ-উৎসবের ব্যাপারই হতো, তাহলে ব্রাজিল প্রতিবারই জয়ী হতো। আমাদের ফুটবল খেলতে হয়। সাম্বা নাচলে চলে না। আর না হলে হলুদ জার্সির মানুষগুলো আমাদের প্রতি ম্যাচেই হারাত।’ভেরনের খোঁচাটা ভালো লাগেনি ফ্যাবিয়ানোর। উত্তরটা হয়তো মুখে নিয়ে ঘুরছিলেন ব্রাজিল স্ট্রাইকার। সংবাদ সম্মেলনে গিয়ে সুযোগ পেয়ে দিয়ে দিয়েছেন উত্তরটা, ‘আনন্দ-উৎসব আমাদের মজ্জাগত। যারা আনন্দ করতে পারে না তাদের তো সমস্যা আছে।’ ভেরন বেচারা কেন যে অমন কথা বলতে গেলেন! ফ্যাবিয়ানো তো এর উত্তর দিতে গিয়ে আর থামতেই চান না। আর্জেন্টিনার সমস্যা আছে বলার পর বললেন, ‘আমরা যেখানেই যাই আনন্দ করি, সুখে থাকি। আমাদের এই আনন্দটা ভেতর থেকে আসে। কারও এটা আছে, আর কেউ জীবন কাটায় বেদনায়।’এর আগে পেলে আর্জেন্টিনাকে ফেবারিটের তালিকায় প্রথম তিন-চার নম্বরে না রেখে খোঁচা দিয়েছিলেন। ম্যারাডোনা দিয়েছিলেন সেটার উত্তর। বলেছিলেন, ‘জি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে নাকি যাবে আইভরিকোস্ট ও পর্তুগাল! বুঝলেন না, এই গ্রুপেই যে আছে ব্রাজিল! ওয়েবসাইট।