ভোট দিয়েছেন তো?
চায়ের কাপে ঝড় তো অনেক তুলেছেন। এবার মোবাইলের কি-প্যাড আর মেসেজ বক্সে ঝড় তুলুন। ২০১৫ সালে আপনার চোখে কে ছিল বাংলাদেশের সেরা খেলোয়াড়? এমন তিনজন ক্রীড়াবিদকে নির্বাচিত করতে পারবেন আপনি। শুধু নির্বাচিত করেই শেষ হয়ে যাচ্ছে না সব। প্রিয় ক্রীড়া তারকার পাশে বসে উপভোগ করতে পারবেন রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের জমজমাট আয়োজন।
বাংলাদেশের ক্রীড়াপ্রেমী সব মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে যে আয়োজনটির, সেটি আবারও চলে এল দুয়ারে। প্রথম আলোর ক্রীড়া পুরস্কারে এবার সহযাত্রী হিসেবে যুক্ত হয়েছে রূপচাঁদা। এবার একই সঙ্গে দেওয়া হবে ২০১৪ ও ২০১৫ সালের পুরস্কার। প্রথম আলোর অভিজ্ঞ বিচারকদের রায়ে বেছে নেওয়া হবে এই দুই বছরের সেরাদের। কিন্তু সমর্থকদেরও তো রায় বলে একটা ব্যাপার আছে। সেই সমর্থকদের একজন হিসেবে আপনিও দিতে পারেন আপনার রায়। পাঠকদের ভোটে অবশ্য শুধু ২০১৫ সালের সেরাকে বেছে নেওয়া হবে।
২০১৫ সাল আমাদের খেলার অঙ্গনের জন্য ছিল স্বর্ণোজ্জ্বল। এই বছর আমাদের তারকারা আলো ছড়িয়েছেন বিশ্বমঞ্চেও। ভোট দেওয়ার সময় বাংলাদেশের সবগুলো খেলার সব তারকার গত বছরের পারফরম্যান্স মাথায় রেখে ভোট দিতে পারেন। তবে ওই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তির বাণীটাই আসলে শেষ কথা—‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।’
ভোট দেওয়ার নিয়মটা হলো, মেসেজ অপশনে গিয়ে SA লিখে স্পেস দিয়ে আপনার চোখে গত বছরের সেরা তিন খেলোয়াড়ের নাম কমা দিয়ে লিখে পাঠিয়ে দিন 2221 নম্বরে। ১০ মে পর্যন্ত পাঠাতে পারবেন এসএমএস। এরপর সর্বাধিক ভোট পাওয়া নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে হবে দ্বিতীয় পর্বের বাছাই। ৩ জুন এবারের ক্রীড়া পুরস্কার জাঁকজমক আয়োজন। এসএমএস ভোটিংয়ের প্রথম পর্বে অংশ নেওয়াদের মধ্যে নির্বাচিত ১০ জন পাবেন এই আয়োজন সরাসরি দেখার সুযোগ।