ভোগান্তির অন্য নাম জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখুন তো, এটা পানি না পেট্রল?—আমার ধারণা, পানিই হবে, স্যার।সামনে এগিয়ে দেওয়া গ্লাসের পানির গন্ধ না শুঁকেই উত্তর দিয়ে দিলেন রুম সার্ভিসের কর্মচারী। পরে গ্লাস হাতে নিয়ে তিনিও নাক কুঁচকালেন, ‘সরি স্যার, সমস্যাটা কোথায় আমি দেখছি...।’হারারেতে বাংলাদেশ দল আছে হোটেল হলিডে ইনে। কাগজে-কলমে তিন তারকা হোটেল, তবে এর চেয়ে তারকাবিহীন হোটেলও বোধ হয় অনেক ভালো। বাথরুমের কল থেকে পানি নিয়ে ‘এটা পানি না পেট্রল’ জাতীয় দ্বিধাদ্বন্দ্বে অন্তত পড়তে হয় না সেখানে। সকালে ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সারতে বিব্রতও হতে হয় না। কী এক যান্ত্রিক সমস্যায় কাল সকালে ঘণ্টা দুয়েকের মতো পানিই ছিল না হলিডে ইনের বাথরুমে। ঘুম থেকে উঠে অসহায় অবস্থায় পড়ে গেলেন অনেকেই। হোটেল কর্তৃপক্ষের সরবরাহ করা বালতির পানিতে সারতে হয়েছে সকালের কাজ। আর পরে যখন পানি এল, তাতে মিশে থাকল পেট্রলের ঝাঁজালো গন্ধ!বাথরুমে এক দিন পানির সমস্যা হতেই পারে। কিন্তু হলিডে ইনে সমস্যা আছে সুইমিং পুলের পানিতেও। পুলে পানির অভাব নেই। টলটলে স্বচ্ছ জলাধার ঝাঁপ দেওয়ার লোভ জাগায়। তবে সে লোভে পড়ে ঝাঁপ দিলেই আপনি ধরা পড়ে যাবেন জালে। হ্যাঁ, পুরো পুলটাই ঢেকে রাখা হয়েছে কালো মোটা রশির জাল দিয়ে! কারণ, পুলের ময়লা পানি বদলানোর প্রক্রিয়াও নাকি যান্ত্রিক সমস্যায় আক্রান্ত। পুলে নামাই তাই নিষেধ এখন। কেউ যেন ভুল করেও নেমে না যায়, জাল দিয়ে ঢেকে দেওয়া সে কারণেই। টিম ম্যানেজার তানজীব আহসান অবশ্য জানালেন, আবহাওয়া ঠান্ডা বলে খেলোয়াড়দের সুইমিং পুলে নামানোর ব্যাপারে উৎসাহী নন তাঁরাও।সমস্যা আছে জিমনেসিয়াম নিয়েও। হোটেলের নিজস্ব কোনো জিমনেসিয়াম নেই। অতিথিদের ব্যবহারের জন্য আছে দুই কিলোমিটার দূরের ভাড়া করা জিম। মাঠ-হোটেল-জিম—এত ঝামেলায় না গিয়ে টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত হারারে স্পোর্টস ক্লাবের জিমনেসিয়ামই ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। বাকি থাকল বিদ্যুৎ-ব্যবস্থা। আগামী ১০-১২ দিন সেটা নিয়েও খুব নিশ্চিন্ত থাকার উপায় নেই। দিন দুয়েক আগে কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদের রুমের বিদ্যুৎ-সংযোগ শর্টসার্কিট হয়ে পুড়ে গেছে। পরে রুম বদলাতে হয়েছে তাঁকে।মাঠে কখনো ভালো কখনো খারাপ। তবে জিম্বাবুয়ে সফর মাঠের বাইরে বাংলাদেশকে স্বচ্ছন্দ রাখে কমই। ২০১১ সালের সফরে বুলাওয়ে থেকে হোটেলে ফেরার পথে নষ্ট হয়ে গিয়েছিল টিম বাস। খেলোয়াড়েরা কেউ হোটেলে ফিরেছিলেন হেঁটে, কেউ অন্যের গাড়িতে লিফট নিয়ে। জিম্বাবুয়ে ক্রিকেটের গোচরে আনা হলেও ব্যাপারটা যেন তাদের গায়েই লাগেনি।আতিথেয়তায় জিম্বাবুয়ে এখনো সেই আগের মতোই আছে। তবে খেলা কাভার করতে আসা সাংবাদিকদের জন্য অবশ্যই সেটা আগের চেয়েও খারাপ। জিম্বাবুয়ে ক্রিকেটের দেওয়া সব শর্ত মেনে আসার পরও গত পরশু বিমানবন্দরে নেমে তিন-চার ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে বাংলাদেশ থেকে আসা আট ক্রীড়া সাংবাদিককে। ভিসা ফি বাড়িয়ে করা হয়েছে প্রায় তিন গুণ। এ দেশে দায়িত্ব পালনের জন্য বিশেষ ছাড়পত্রের নামে জিম্বাবুয়ের তথ্য মন্ত্রণালয়ের নেওয়া ৩০০ ডলার তো দিতে হয়েছেই।জিম্বাবুয়েতে খেলোয়াড়-বোর্ড কর্মকর্তা-সাংবাদিকদের এ রকম ভোগান্তি নিয়মেই পরিণত হয়েছে এখন। বিসিবিও এসব মেনে নিয়েই দলকে পাঠায় এ দেশে। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠের ক্রিকেটে দাপটটা এখন বাংলাদেশের হলেও জিম্বাবুয়ে ক্রিকেটের সামনে বিসিবি যেন এখনো মাথা নিচু করে রাখা সেই ছোট ভাইটি। কিংবা তারা পারে না অধিকার আদায় করে নিতে।