ভোজনবিলাসী টেন্ডুলকারের রানক্ষুধা
শচীন টেন্ডুলকারকে দেবতা জ্ঞান করেন এমন লোকের অভাব নেই ভারতে। তবে লিটল মাস্টার নিজেও পূজা-অর্চনা করেন, তবে ‘পেটপূজাতেও’ যে কম যান না সেটাই জানা গেল এবার। ২০০৩ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের সেই ঐতিহাসিক দ্বৈরথে ৭৫ বলে ৯৮ রানের বিস্ফোরক ইনিংস খেলার আগে টেন্ডুলকার কী খেয়েছিলেন জানেন? শুধু আইসক্রিম! তাঁর নিজের মুখেই শুনুন, ‘লাঞ্চের আগে আমি শুধু আইসক্রিম খেয়েছিলাম। আমার কানে ছিল হেডফোন, কারও কথা শুনতে চাইছিলাম না আমি। আমি বাটিভর্তি আইসক্রিম সাবাড় করে দিয়েছিলাম। আইসক্রিমটা কিন্তু বেশ সুস্বাদু ছিল।’ ম্যাচ শেষে অবশ্য উদ্যাপনের সময় আর সংযমের ধার ধারেননি। দক্ষিণ আফ্রিকার রাস্তার সুস্বাদু খাবারগুলো চেখেছেন সতীর্থদের সঙ্গে নিয়েই।১৬ বছর বয়সে যখন পাকিস্তানে অভিষেক হয়েছিল সে সময় এত রাখঢাক করে খাবার খেতেন না। তখন খাদ্যতালিকাটা ছিল গুরুপাক খাবারে ভরপুর, ‘তখন আমি কিমা পরোটার সঙ্গে এক গ্লাস লাচ্ছি দিয়ে ভরপেট নাশতা করতাম। অনুশীলনের পর অবশ্য আর লাঞ্চ করা হতো না। এমনকি একেবারে ডিনারের আগে বিকেলে হালকা কিছুও নয়। তখন আমার বয়স ছিল মাত্র ১৬, বাড়ন্ত বয়স। সেটা ছিল দারুণ একটা অভিজ্ঞতা, কারণ সফর শেষে মুম্বাই ফেরার পর ওজন মাপার মেশিনে আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। তবে যখনই পাকিস্তান সফরে গিয়েছি, খাওয়া-দাওয়াটা ভালোই হয়েছে।’টেন্ডুলকারের ক্ষেত্রে প্রচলিত প্রবাদটাকে আরেকটু ঘুরিয়ে এভাবে লেখা যায়, ‘যে রাঁধে সে ব্যাটও করে।’ ভোজনবিলাসের পাশাপাশি হেঁশেলেও পটু সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। পরিবারের বিশেষ উপলক্ষে নাকি প্রায়ই নিজের রন্ধনপ্রতিভার পরিচয় দিয়েছেন, ‘আমি তার (স্ত্রী অঞ্জলি) জন্য রান্না করেছি। নিয়মিত না হলেও আমি সারা (মেয়ে), অর্জুন (ছেলে) ও অঞ্জলির জন্য নাশতাও তৈরি করতাম। মায়ের কাছ থেকে শেখা “ফিশ কারি” ও “প্রন মাসালা” রাঁধি। মা এই দুটি রান্না শিখিয়েছেন। অঞ্জলিকে রান্না করে খাইয়েছি। সে তারিফ করে বলেছে এমন ফিশ কারি জীবনে খায়নি।’মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী খাবারই শচীনের প্রথম পছন্দ ছিল, তবে বিভিন্ন দেশে ঢুঁ মারতে মারতে বিচিত্র সব খাবারও চাখা হয়ে যায় তাঁর, ‘আসলে ভ্রমণ করতে করতেই আমি নতুন নতুন জিনিস চেখে দেখতে শুরু করি। এই ২৫ বছরের পরিব্রাজক জীবনে মোটামুটি সব ধরনের খাবারই আমি খেয়ে দেখেছি। উপভোগও করেছি। আমি ভালো খাবার পছন্দ করি। মাঝেমধ্যে খাবার নিয়ন্ত্রণের কথা না ভেবে খেতে ভালোই লাগবে আপনার।’ ব্রিটিশ রান্নার অত সুনাম না থাকলেও লন্ডনের খাবার শচীনকে দারুণ টানত বলেই জানিয়েছেন। জাপানি খাবার নিয়ে অবশ্য এতটা প্রগল্ভ হতে পারেননি টেন্ডুলকার। বেশির ভাগ পরীক্ষা-নিরীক্ষায় জহির খান ও অজিত আগারওয়ালই সঙ্গ দিতেন তাঁকে। বিস্মরণযোগ্য খাবারের নাম বলতে গিয়ে ‘শামুকের’ নাম বলেছেন। তবে পুরোপুরি নিরামিষভোজী হওয়ার সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিয়েছেন। ইংল্যান্ড ভারতে এসেছে। এদিকে নিজের রয়েছে ভীষণ রানক্ষুধা। গত ২৫ ইনিংসে টেস্ট সেঞ্চুরির দেখা নেই। ইংল্যান্ড সিরিজে এই ক্ষুধা নিবৃত্তির সুযোগটা মনে হয় হতেই পারে। তিন বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমেই কাল সেঞ্চুরি তুলে নিয়েছেন রেলওয়ের বিপক্ষে। ১৩৬ বলে ২১ চার ও ৩ ছক্কায় ১৩৭ করে আউট হয়েছেন তিনি। ওয়েবসাইট।