ভোট দিতে পারেন আপনিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের আইসিসি অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের তালিকা আগেই দিয়েছে আইসিসি। এবার প্রথমবারের মতো সংযুক্ত ‘পিপলস চয়েস’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত পাঁচজনের সংক্ষিপ্ত তালিকাও দিয়ে দিল আইসিসির নির্বাচক কমিটি। শচীন টেন্ডুলকার, মাইক হাসি, মাহেলা জয়াবর্ধনে, অ্যান্ড্রু স্ট্রাউস ও এবি ডি ভিলিয়ার্স আছেন এই তালিকায়। www.lgpeopleschoice.com—এই ওয়েবসাইটে গিয়ে পছন্দের ক্রিকেটারকে ভোট দিতে পারেন আপনিও। ভোট দেওয়া যাবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। সপ্তম আইসিসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি হতে যাচ্ছে ভারতের বেঙ্গালুরুতে, আগামী ১০ অক্টোবর।পাঁচ ক্রিকেটারকে বেছে নিতে নির্বাচকেরা বিবেচনায় নিয়েছেন উদ্ভাবনী ক্ষমতা, সক্রিয়তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, চাপের মধ্যে পারফর্ম করার সামর্থ্য ও সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষমতা। সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ও আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান ক্লাইভ লয়েডের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে ছিলেন সাবেক ইংলিশ পেসার অ্যাঙ্গাস ফ্রেজার, সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন, সাবেক ভারতীয় অলরাউন্ডার রবি শাস্ত্রী ও সাবেক জিম্বাবুয়ে অলরাউন্ডার ও ইংল্যান্ড কোচ ডানকান ফ্লেচার। —আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি