ভোট দিতে পারেন পছন্দের তারকাকে
আইসিসি অ্যাওয়ার্ডে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ যোগ হয়েছিল গত বছর। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে দারুণ সাড়া জাগিয়েছিল এই ক্যাটাগরি, ভোটও পড়েছিল প্রচুর। সেই সুযোগ থাকছে এবারও। আইসিসি মনোনীত কমিটি ৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করে দিয়েছে। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ইংল্যান্ডের জোনাথন ট্রট। আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটের (icc-cricket.yahoo.net) ‘আইসিসি ইভেন্টস ও অ্যাওয়ার্ডস’ অংশে পাওয়া যাবে ‘এলজি আইসিসি অ্যাওয়ার্ডস।’ ওই পেজেই খুঁজে পাবেন ‘এলজি পিপলস চয়েস অ্যাওয়ার্ড’, নির্দেশনা মেনে ভোট দিতে পারেন আপনিও। গতবার এই পুরস্কার পেয়েছিলেন শচীন টেন্ডুলকার।আইসিসি অ্যাওয়ার্ডের অষ্টম আসর ফিরে যাচ্ছে শুরুর শহরে। আগামী ১২ সেপ্টেম্বর লন্ডনে দেওয়া হবে এবারের আইসিসি অ্যাওয়ার্ড, ২০০৪ সালে যেখানে শুরু হয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’সহ সাতটি ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকার জন্য ৫ সদস্যের একটি কমিটি মনোনীত করেছে আইসিসি। সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ও আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান ক্লাইভ লয়েডের নেতৃত্বে কমিটির বাকিরা হলেন পাকিস্তানের জহির আব্বাস, ইংল্যান্ডের মাইক আথারটন, দক্ষিণ আফ্রিকার পল অ্যাডামস ও নিউজিল্যান্ডের ড্যানি মরিসন। ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ ছাড়া বাকি ছয়টি ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে ২৫ সদস্যের আরেকটি কমিটির ভোটে, যেখানে থাকবেন সাবেক ক্রিকেটার, প্রখ্যাত সাংবাদিক, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ও ম্যাচ-রেফারিরা। ওয়েবসাইট।