ভোট পেতে ক্লাব কিনে নেওয়ার প্রস্তাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ লাখ টাকার বিনিময়েও গুলশান ইয়ুথ ক্লাব কেনার প্রস্তাবে সাড়া মেলেনি। অগত্যা প্রস্তাব, ২৫-৩০ লাখ টাকা দেওয়া হবে। বিনিময়ে গুলশান ইয়ুথ ক্লাব থেকে বিসিবির কাউন্সিলর মনোনীত করতে হবে ‘তাদের’ পছন্দসই ব্যক্তিকে। তাতেও ইতিবাচক সাড়া না পাওয়ায় সর্বশেষ প্রস্তাব, দেওয়া হবে ১৫ লাখ টাকা। বিনিময়ে যাঁকে ইচ্ছা তাঁকে কাউন্সিলর করা হোক, করা যাবে না কেবল ইফতেখার আহমেদকে, মিঠু নামেই যাঁকে চেনে ক্রিকেটাঙ্গন। সর্বশেষ খবর অনুযায়ী প্রস্তাবিত টাকার অঙ্কটা বেড়ে নাকি এক কোটিতে পৌঁছেছে।

কাল গুলশান ইয়ুথ ক্লাবের নির্বাহী কমিটির সভায় সে প্রস্তাবও উড়ে গেছে। কারও চাপে নতি স্বীকার না করে নির্বাহী কমিটি মনোনীত ব্যক্তিকেই বিসিবির কাউন্সিলর করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য আরিফ ইফতেখার আলী। ক্লাব মনোনীত সেই ব্যক্তি ইফতেখার আহমেদই বলে জানা গেছে।

গুলশান ইয়ুথ ক্লাবের অভিযোগের তির বিসিবির অস্থায়ী কমিটির দুই সদস্য ইসমাইল হায়দার মল্লিক ও লোকমান হোসেন ভুঁইয়ার দিকে। এই দুজন ক্লাব সভাপতির সঙ্গে দেখা করে ওই প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ আরিফ ইফতেখার আলীর, ‘ওনারা ক্লাব সভাপতির বাসায় গিয়ে এই প্রস্তাব দিয়েছেন। এ ছাড়া আমাদেরও নানাভাবে বলেছেন, টাকার বিনিময়ে তাঁদের পছন্দের ব্যক্তিকে বিসিবির কাউন্সিলর করতে। একই চাপ দু-একটা বড় করপোরেট হাউস থেকেও এসেছে।’ এ ব্যাপারে জানতে ক্লাবের সভাপতি রাফেজ আলম চৌধুরীর সঙ্গে কাল একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

 লোকমান হোসেন ভুঁইয়া এবং ইসমাইল হায়দার মল্লিক বিসিবি নির্বাচনে নাজমুল হাসানের পক্ষের লোক বলে পরিচিত বললে কম বলা হবে, বর্তমান বোর্ড সভাপতির সবচেয়ে কাছের লোক বলেও পরিচিতি আছে তাঁদের। তবে গুলশান ইয়ুথ-সংক্রান্ত ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছেন লোকমান হোসেন ভুঁইয়া। কাল টেলিফোনে বলেছেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। গুলশান ইয়ুথ ক্লাব কিনে নির্বাচন করতে হবে, তেমন সংগঠক এখনো আমি হইনি। এ রকম কোনো আলাপই আমি কারও সঙ্গে করিনি।’ তবে ইসমাইল হায়দার মল্লিক ব্যাপারটা আংশিক স্বীকার করে বলেছেন, ‘ক্লাব কেনার প্রস্তাব বা কোনো কিছুর বিনিময়ে টাকা দেওয়ার প্রস্তাব আমরা কখনোই দিইনি। তবে হ্যাঁ, পাপন স্যারের (বিসিবির সভাপতি নাজমুল হাসান) সঙ্গে গুলশান ইয়ুথ ক্লাবের ঘনিষ্ঠ যোগাযোগ। ক্লাবকে নানাভাবে উনি সাহায্য করেছেন। সে জন্য ক্লাব থেকে আরও ছয় মাস আগেই বলা হয়েছে, বিসিবির নির্বাচনে তাঁরা পাপন স্যারকে সমর্থন দেবেন। মাঝে আমি একবার কেবল বলেছিলাম, সমর্থন দিলে এমন কাউকে ক্লাব থেকে কাউন্সিলর করা উচিত, যিনি আসলেই ভোটটা আমাদের দেবেন।’