ভোট রাজনীতির ভেতরেই দুর্নীতি!
দুর্নীতির গন্ধটা অনেক দিন আগে থেকেই ছিল। ফুটবলের সর্বোচ্চ সংস্থার ভেতরকার কানাকানিটা এখন প্রায় চিত্কারে পরিণত হয়েছে। ফিফার সভাপতি পদে নির্বাচনের ঠিক আগ দিয়ে কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্যের বিপক্ষে যেসব অভিযোগ উঠেছে, তা অনেক পুরোনো ও অনেক দিন থেকেই হয়ে আসা বলে মত দিচ্ছেন ফিফা ও ফুটবল-সংশ্লিষ্ট ব্যক্তিরা।অনেকের মতেই ফিফার কেন্দ্রীয় কমিটির সদস্যরা বিভিন্ন ইস্যুতে নিজেদের ভোট কেনা-বেচার মতো বিশালাকার দুর্নীতির সঙ্গে জড়িত। ছোট পরিসরে হতে থাকা এসব দুর্নীতির মাত্রা এখন বেড়ে গেছে বহুগুণ।অস্ট্রেলীয় ফুটবলের প্রধান ফ্রাঙ্ক লোউই আজ বলেছেন, একই সঙ্গে দুটি বিশ্ব্বকাপের আয়োজক নির্বাচন করাটা একটা বাজে পদ্ধতি। এ পদ্ধতিটি ফিফায় দুর্নীতির মাত্রা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, একই সঙ্গে ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক নির্বাচন করতে গিয়েই ফিফার কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যই ভোট বিক্রি করেছেন। এদিকে ২০১৮ বিশ্বকাপের আয়োজন-প্রার্থী ইংল্যান্ডের বিডিং কমিটির চেয়ারম্যান লর্ড ডেভিড ট্রেইসম্যান ব্রিটিশ সংসদীয় কমিটির এক শুনানিতে বলেছেন, ফিফা কেন্দ্রীয় কমিটির কিছু সদস্য ২০১৮ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে ইংল্যান্ডকে ভোট দেওয়ার বিনিময়ে নগদ উপঢৌকন এমনকি ‘নাইটহুড’ও চেয়ে বসেছিলেন।ব্রিটেনের সানডে টাইমস সরাসরিই অভিযোগ করেছে, প্রচুর অর্থ ঘুষ দিয়ে ফুটবল ঐতিহ্যে পিছিয়ে থাকা ও একবারও বিশ্বকাপের মূল পর্বে না খেলা সত্ত্বেও কাতার ২০২২ সালের বিশ্বকাপের একক আয়োজক হয়ে গেছে।২০২২ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে নিজেদের প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করিয়েছিল অস্ট্রেলিয়াও। কিন্তু গত দুটি বিশ্বকাপেই দুর্দান্ত পারফর্ম করা এ দেশটি ভোটাভুটিতে শোচনীয় ব্যবধানেই পরাজিত হয়। সবচেয়ে বাজে ব্যাপার হলো, ভোটাভুটিতে অস্ট্রেলিয়ার ঝুলিতে ঢুকেছে কেবল একটি ভোট। ফিফার ভোটের রাজনীতির ভেতর সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার কারণেই অস্ট্রেলিয়াকে এ লজ্জার শিকার হতে হয়েছে।ফুটবল খেলাটা অনেক আগেই ব্যবসায় পরিণত হয়েছে। তাতে আপত্তি থাকার কথা নয়, আপত্তিটা হলো, ফুটবলে মাঠের খেলাটা মাঝেমধ্যে গৌণ হয়ে পড়ছে, টেবিলের খেলার কারণে। আর এই টেবিলের খেলাটাই মাঠের খেলার ক্ষতি করে দিতে পারে যেকোনো সময়। ফিফাকে নিয়ে বাজারের বর্তমান আলোচনা তেমন কিছুই নির্দেশ করছে। ওয়েবসাইট।