ভোটে শুরু জন্মদিন

সেই ১৬ বছর বয়সে জাতীয় দলে ঢুকেছেন। এরপর কত কত জন্মদিনের উৎসব একাকার হয়ে গেছে দেশকে প্রতিনিধিত্ব করার দায়িত্বে! অনেক জন্মদিনে থেকেছেন পরিবার থেকে দূরে, সফরে। কখনো কখনো মাঠেও। গতকাল ছিল ক্রিকেট ছাড়ার পর প্রথম জন্মদিন। শচীন টেন্ডুলকার তবু দিনটি শুরু করলেন দেশের দায়িত্ব পালন করেই। রাষ্ট্রের নাগরিক হিসেবে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি—ভোট দেওয়া!
আইপিএলের কারণে টেন্ডুলকার ছিলেন আরব আমিরাতে। খেলা ছাড়লেও এবার তিনি মুম্বাই ইন্ডিয়ানসের ‘মেন্টর’। শুধু ভোট দেওয়ার জন্যই মুম্বাই উড়ে এসেছেন দুবাই থেকে। মুম্বাইয়ে শেষ দফার ভোটের দিনটি মিলে গেছে কিংবদন্তির ৪১তম জন্মদিনের সঙ্গে। ভোট দেওয়ার পর আঙুলে অমোচনীয় কালির ছবি দিয়ে টেন্ডুলকারের টুইট, ‘আমি ভোট দিয়েছি, আপনি দিয়েছেন তো? আমাদের অসাধারণ দেশটির দায়িত্বশীল একজন নাগরিক হিসেবে আমার জন্মদিনটি শুরু হলো দারুণভাবে।’
টেন্ডুলকার ভোট দিতে গেছেন, সংবাদমাধ্যম তাঁকে ঘিরে ধরবে না, তা কি আর হয় নাকি! শুধু টুইটার প্রতিক্রিয়ায় তাই পার পাননি। সংবাদকর্মীদের উৎসুক জিজ্ঞাসা, সরকার গঠন করতে পারে কোন দল? ঝুলিয়ে দেওয়া বলে টেন্ডুলকার নিখুঁত ফরোয়ার্ড ডিফেন্স খেললেন, ‘গণতান্ত্রিক দেশে প্রতিটি উপযুক্ত নাগরিকের ভোট দেওয়া উচিত। এ জন্যই আমি এখানে। কে সরকার গঠন করবে, এসব আমি বলতে চাই না।’
টেন্ডুলকার নিজেও রাজ্যসভার সদস্য। সঙ্গে পেয়েছেন ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারতরত্ন। দায়িত্বশীলতার চূড়ান্ত নজির তো তাঁকে হতেই হবে! ভোট দেওয়ার আগে মুম্বাইয়ে ফিরেই নিজের ফেসবুক পেজে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ভোট দিতে, ‘ক্রিকেট খেলায় যেমন প্রতিটি রান গুরুত্বপূর্ণ, নির্বাচনে তেমনি গুরুত্বপূর্ণ প্রতিটি ভোট। আপনার ভোটের শক্তিকে ছোট করে দেখবেন না। মুম্বাই ফিরেছি আমার অধিকার চর্চা করতে। আশা করি, আপনিও আপনার ভূমিকা রাখবেন—দয়া করে ভোটকেন্দ্রে যান।’ ওয়েবসাইট।