ভ্যালেন্সিয়া-পরীক্ষায় পার রিয়াল
পরীক্ষা যে সহজ হবে না, সেটা রিয়াল ভালোই জানত। প্রতিপক্ষের নাম ভ্যালেন্সিয়া, রিয়াল-বার্সার ‘দ্বিদলীয় শাসনে’র ‘চিরস্থায়ী বন্দোবস্তে’র ভেতরেও যারা ভালো করে আসছে। সেই ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে স্নায়ু ও দক্ষতার চরম পরীক্ষা দিয়ে ঠিকই পাস করে গেল রিয়াল। চরম উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত রিয়াল জিতেছে ৩-২ গোলে। শেষ কয়েক মিনিটের নাটকীয়তা, ভ্যালেন্সিয়ার পেনাল্টির আবেদন নাকচ হওয়া, দর্শকদের ক্ষুব্ধ আচরণ...সবই ছিল। স্নায়ুর পরীক্ষায় রিয়ালের সাত-সাতজন খেলোয়াড়ই দেখেছেন হলুদ কার্ডও!ঠিক উল্টো ছবি ছিল ন্যু ক্যাম্পে। রিয়াল জারাগোজাকে দাঁড়াতেই দেয়নি বার্সেলোনা। পুরো ম্যাচে রাজত্ব করে ৪-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। গত পাঁচ মৌসুমেই এটা ঘটেছে, ক্লাবের হয়ে একটি করে গোল করেছেন অধিনায়ক কার্লোস পুয়োল। এই মৌসুমের কোটাটা সম্ভবত পূরণ করে দিলেন পরশুই! অন্য সেন্টারব্যাক পিকেও পেয়েছেন গোল। দুই ডিফেন্ডারের পাশাপাশি মেসি এই মৌসুমে লিগে তাঁর ১৫ নম্বর গোলটি করেছেন, বদলি হিসেবে নেমে গোল করেছেন ডেভিড ভিয়াও। বড় জয়ের পরও মেসি আফসোস করতে পারেন, তাঁর বেশ কিছু সহজ সুযোগ এদিন নষ্ট হয়েছে। তবে ন্যু ক্যাম্পে নয়, পরশু বেশি আকর্ষণ ছিল মেস্তাল্লার ম্যাচটি নিয়েই। বার্সাও হয়তো নিজেদের ম্যাচ শেষে সাগ্রহে তাকিয়ে ছিল এদিকে। রিয়াল হারলে যে দুই দলের ৩ পয়েন্টের ব্যবধান ঘুচে যায়! না, বার্সার সেই চাওয়া পূরণ হতে দেয়নি রিয়াল।ভ্যালেন্সিয়া অবশ্য শুরু থেকে আক্রমণাত্মকই খেলেছে। দারুণ চাপে পড়ে গিয়েছিল মরিনহোর দল। কিন্তু ডিফেন্ডারদের মনোযোগের ঘাটতির সুবিধা নিয়ে ২০ মিনিটে দলকে লিড এনে দেন করিম বেনজামা। প্রথমার্ধে গোল ওই একটাই। দ্বিতীয়ার্ধে আরও শক্তিশালী হয়ে চেপে বসে ভ্যালেন্সিয়া। কিন্তু ৭২ মিনিটে ২-০ করে ফেলেন সার্জিও রামোস।রিয়ালের যুবদলেই বেড়ে ওঠা রবার্তো সলদাদো ৭৫ মিনিটে ব্যবধান কমান। ৮৩ মিনিটে ম্যাচের দ্বিতীয় আর এই মৌসুমে লিগে তাঁর অষ্টম গোলটিও পেয়ে যান। কিন্তু এরই মধ্যে ৭৯ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো লিগে নিজের ১৪তম গোলটি করেন। ৩-২ ব্যবধান, সমতা ফেরাতে মরিয়া ভ্যালেন্সিয়া, শেষ কয়েক মিনিট কেটেছে দারুণ উত্তেজনায়। সমতা প্রায় ফিরেওছিল। যোগ করা সময়ের শেষ মুহূর্তে বলতে গেলে গোললাইন থেকে বল ফেরান রিয়ালের এক খেলোয়াড়। বল হাত দিয়ে ঠেকানো হয়েছে—এই দাবিতে ভ্যালেন্সিয়ার খেলোয়াড়েরা রেফারিকে ফিরে ধরেন। কিন্তু রেফারি তাঁদের আবেদনে সাড়া দেননি।গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ দর্শক মরিনহোর উদ্দেশ্যে ঢিল ছুড়তে থাকে। কিন্তু ৩ পয়েন্টের তৃপ্তি নিয়েই টানেলের দিকে হাঁটা দেন মরিনহো। এএফপি, রয়টার্স।