ভ্যালেন্সিয়াকে হারাল বার্সা
স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। কাল রোববার ক্যাম্প ন্যুতে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়ে তারা পেয়েছে টানা তৃতীয় জয়। ম্যাচের একমাত্র গোলটি আসে আদ্রিয়ানো করিয়ার পা থেকে। এই জয়ে কাতালানরা লা লিগায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। এবারের লিগ মৌসুমের প্রথম দুটি ম্যাচে বার্সেলোনা জয় পায় রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনার বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনার অগ্রগামিতা এখন পাঁচ পয়েন্টের ব্যবধানে।ম্যাচের ২৩ মিনিটের মাথায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল পেয়ে যায় বার্সেলোনা। আদ্রিয়ানো বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে পরাভূত করেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ডিয়েগো আলভেসকে। গোল পেয়ে যাওয়ার পর বার্সেলোনা শুরু করে তাদের নিয়মতান্ত্রিক আক্রমণাত্মক ফুটবল। ম্যাচের বেশির ভাগ সময় ভ্যালেন্সিয়ার সীমানায় বল-প্লে করেছেন বার্সার ফরোয়ার্ডরা। তবে ভ্যালেন্সিয়ার রক্ষণের দৃঢ়তায় গোলসংখ্যা আর বাড়াতে পারেনি কাতালানরা।কাল সার্জিও বুসকেটসকে বিশ্রাম দিয়েছিলেন কোচ টিটো ভিলানোভা। তাঁর বদলে বার্সেলোনার জার্সি গায়ে লা লিগায় অভিষিক্ত হন ক্যামেরুন তারকা অ্যালেক্স সং। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে স্প্যানিশ লিগে পা রেখেই নিজেকে নতুন করে চিনিয়েছেন এই তারকা ফুটবলার। সং জাভি হার্নান্দেজের সঙ্গে বার্সার আক্রমণকে দিয়েছেন নতুন মাত্রা। কাল একাদশে ফিরেছেন সেস ফ্যাব্রিগাসও।ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে যেতে পারত ভ্যালেন্সিয়াই। ১১ মিনিটের সময় ২৫ গজ দূর থেকে রবার্তো সোলদাদোর নেওয়া তীব্র শট সাইডবারের অল্প বাইরে দিয়ে চলে যায়। ১৮ মিনিটের সময় লিওনেল মেসির একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেয় ভ্যালেন্সিয়া রক্ষণব্যূহ। তবে ২৩ মিনিটের সময় আদ্রিয়ানোর সেই দুরন্ত শটের কোনো জবাব ছিল না ভ্যালেন্সিয়া রক্ষণব্যূহের। আদ্রিয়ানোর গোলের পর আরও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। মেসির কাছ থেকে বল পেয়ে গোলের খুব কাছ থেকে বল বাইরে মারেন ফ্যাব্রিগাস। ম্যাচের ৬০ মিনিটের সময় ভ্যালেন্সিয়ার একটি গোল অফ-সাইডের অজুহাতে বাতিল হয়। পুরো ম্যাচে ভ্যালেন্সিয়ার ওপর চাপ অব্যাহত রাখলেও শেষ অবধি ন্যূনতম ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। রয়টার্স।