ভ্যালেন্সিয়ার নতুন কোচ পেলেগ্রিনো
ইনাই এমিরে কোচ হিসেবে অসফল নন। তাঁর অধীনে ভ্যালেন্সিয়া টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগে নিজেদের স্থান করে নিয়েছে, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পর তৃতীয় স্থান নিয়ে শেষ করতে যাচ্ছে স্প্যানিশ লা লিগা। তার পরেও এই কোচকে ছেড়েই দিচ্ছে স্প্যানিশ ফুটবলের তৃতীয় শক্তি ভ্যালেন্সিয়া। তাঁর বদলে সাবেক আর্জেন্টাইন ফুটবলার মাউরিসিও পেলেগ্রিনোকে কোচ নিয়োগ দিতে যাচ্ছে ক্লাবটি। গত সোমবার পেলেগ্রিনোর নিয়োগের ব্যাপারটি চূড়ান্ত হয়। ‘এমিরের পরিবর্তে পেলেগ্রিনো আগামী মৌসুম থেকে ভ্যালেন্সিয়ার কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন।’ ভ্যালেন্সিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।২০০২ ও ২০০৪ সালে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়ার হয়ে খেলেছেন এই পেলেগ্রিনো। ৪০ বছর বয়সী এই আর্জেন্টাইন রাফা বেনিত্তেজের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন লিভারপুল ও ইন্টার মিলানে। তিনি ভ্যালেন্সিয়ার উয়েফা কাপজয়ী দলেরও খেলোয়াড় ছিলেন। মূলত ঘরের ছেলে হিসেবেই ভ্যালেন্সিয়া পেলেগ্রিনোর প্রতি তাঁদের আস্থা রেখেছে।ইনাই এমিরে ২০০৮ সাল থেকে ভ্যালেন্সিয়ার কোচের দায়িত্ব পালন করলেও তিনি সমর্থকদের পুরোপুরি খুশি করতে পারেনি। ক্লাবের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তিনি ম্যানেজমেন্টের কাছ থেকে সব ধরনের সুযোগ-সুবিধাও পাননি। ভ্যালেন্সিয়া দেনার দায়ে জর্জরিত হয়ে ডেভিড ভিয়ার মতো ফুটবলারকে বার্সেলোনার কাছে বিক্রি করে দিয়েছিল। ইংলিশ ক্লাব চেলসির কাছে বিক্রি করেছে আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হুয়ান মাতাকে। তাঁদের কাছ থেকে ম্যানচেস্টার সিটি নিয়ে নিয়েছে ডেভিড সিলভাকে। সবমিলিয়ে সময়টা খারাপই যাচ্ছিল স্পেনের পূর্ব উপকূলের এই দলটির। এমিরে নানা সমস্যার মুখে অনেকটা বিরক্ত হয়েই ভ্যালেন্সিয়া ছাড়ছেন বলে জানা গেছে। তিনি অনেক আগে থেকেই ক্লাবকে তাঁর উত্তরসূরি খোঁজার অনুরোধ জানিয়ে রেখেছিলেন। রয়টার্স।