ভ্যালেন্সিয়ার প্রত্যাবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম লেগের পর অনেকেই লিখে দিয়েছিল, ইউরোপা লিগের সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে বাসেল। ৩-০ ব্যবধানে জিতে থাকলে এমন কিছু লেখা অমূলক নয়। কিন্তু দুর্দান্ত এক প্রত্যাবর্তনের কাহিনি লিখে বাসেলকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছে ভ্যালেন্সিয়া। সেই সঙ্গে সাজিয়েছে সেভিয়ার সঙ্গে অল স্প্যানিশ সেমিফাইনালের মঞ্চ। অন্য সেমিফাইনালে মুখোমুখি ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ও পর্তুগিজ ক্লাব বেনফিকা।
পরশু বাসেলের সঙ্গে নির্ধারিত সময়ের খেলায় ৩-০ গোলে এগিয়ে ছিল ভ্যালেন্সিয়া। অতিরিক্ত সময়ে দেয় আরও দুই গোল। হ্যাটট্রিক করেছেন পাকো অ্যালকাসার। প্রত্যাবর্তনের কীর্তি গড়েছে সেভিয়াও, প্রথম লেগে ১-০ গোলে হারার পর পরশু পোর্তোকে হারিয়েছে ৪-১ গোলে। লিঁওকে ২-১ গোলে (দুই লেগ মিলিয়ে ৩-১) হারিয়েছে জুভেন্টাস, ডাচ ক্লাব আলকমারের বিপক্ষে বেনফিকার জয়টা ২-০ ব্যবধানে (দুই লেগে ৩-০)। এএফপি।