ভ্যাসলিনে প্রভাবিত হয় না হটস্পট
মাইকেল ভন ছাড়া আর কেউ ব্যাপারটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করেননি। ‘জেলিবিন’-এর মতো হালে পানিও পায়নি ‘ভ্যাসলিন তত্ত্ব’। তার পরও সন্দেহ ওঠায় নিজে থেকেই ব্যাপারটা পরীক্ষা করেছে হটস্পটের নির্মাতা প্রতিষ্ঠান বিবিজি স্পোর্টস। পরীক্ষার ফলাফলটা জানলে স্বস্তিই পাবেন ভিভিএস লক্ষ্মণ—ভ্যাসলিন হটস্পটকে প্রভাবিত করতে পারে না।ট্রেন্টব্রিজ টেস্টের দ্বিতীয় দিন জেমস অ্যান্ডারসনের বলে লক্ষ্মণের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করে ইংলিশরা। আম্পায়ার আসাদ রউফ সাড়া না দিলে রিভিউ আবেদন করেন অ্যান্ড্রু স্ট্রাউস। বল ব্যাটকে অতিক্রম করার সময় স্পষ্ট একটা শব্দ শোনা যায়, কিন্তু হটস্পটে ধরা পড়েনি কিছুই। ব্যাটে তো বটেই, হটস্পট দেখায় লক্ষ্মণের প্যাডে বা শরীরের কোথাও লাগেনি বল। স্নিকোমিটারে আবার দেখা যায়, বল ব্যাট ছুঁয়েছিল। কিন্তু স্নিকো আইসিসি অনুমোদিত নয়। ওই ঘটনার পরপরই ভন টুইটারে লিখেছিলেন, ‘ব্যাটের কোনায় থাকা ভ্যাসলিনই কি বাঁচিয়ে দিল লক্ষ্মণকে?’বিবিজি স্পোর্টস কাল এক বিবৃতিতে জানিয়েছে, ‘গত দুই দিন আমাদের অফিসে ব্যাপারটা আমরা পরীক্ষা করে দেখেছি, ব্যাটের কোনায় ভ্যাসলিন মাখিয়ে হটস্পট থেকে বাঁচা যাবে না। অবশ্য যদি ১০ মিলিমিটার (১ সেন্টিমিটার) ভ্যাসলিন মাখানো যায়, তাহলে কোনো পার্থক্য হলেও হতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস, সেটা অসম্ভবের কাছাকাছি।’ ওই ঘটনার পরপর স্টুয়ার্ট ব্রড এগিয়ে গিয়ে লক্ষ্মণের ব্যাট পরীক্ষা করেও কোনো ভ্যাসলিন পাননি।তবে হটস্পট নিয়ে সংশয়টা এখনো যাচ্ছে না। ম্যাচের প্রথম দিন লক্ষ্মণের মতো ঠিক একই ঘটনা ঘটেছিল রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রেও। গত অ্যাশেজে ঠিক একইভাবে কেভিন পিটারসেন ও ইয়ান বেলের বেঁচে যাওয়া নিয়েও অনেক হইচই হয়েছিল। হটস্পটের স্বত্বাধিকারী ওয়ারেন ব্রেনান আগেই বলেছেন, এটির শুদ্ধতা ৯০ থেকে ৯৫ শতাংশ। শুধু এটিই নয়, আলো ও আবহাওয়ার তারতম্য, শট খেলার সময় ব্যাটের গতির পার্থক্যের ওপরও অনেক সময় এর কার্যকারিতা নির্ভর করে।অথচ ভারতের চাপে আইসিসি যেটির ব্যবহার বাদ দিয়েছে, সেই হক আই নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, হক আইয়ের কার্যকারিতা ৯৫ থেকে ৯৮ শতাংশ, যা হটস্পটের চেয়ে বেশি। সব মিলিয়ে ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার-সংক্রান্ত ব্যাপারগুলো দিন দিন যেন আরও জটিল হচ্ছে। ওয়েবসাইট।