ভয় পাচ্ছে না উরুগুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ‘আমাদের বাস্তববাদী হতে হবে। আপাতত দ্বিতীয় রাউন্ডে ওঠাই আমাদের লক্ষ্য।’ ‘দক্ষিণ কোরিয়া ভালো খেলছে। আমাদের কাজটা সহজ হবে না।’ ‘ঘানা আফ্রিকার দেশ। সবার সমর্থন থাকবে ওদের পেছনে। তবুও আমরা আশাবাদী।’তিনটি মন্তব্য একজনেরই। বিশ্বকাপ শুরুর আগে অস্কার তাবারেজ বলেছিলেন, দূরবর্তী বাতিঘরের দিকে তাকিয়ে লাভ নেই। ছোট ছোট ধাপে এগোনোই ভালো। না হলে পা হড়কে যেতে পারে। গ্রুপ পর্ব পেরোল উরুগুয়ে। দ্বিতীয় রাউন্ড আর কোয়ার্টার ফাইনালও। দল ধীরে ধীরে এগোচ্ছে, উরুগুয়ে কোচেরও কণ্ঠে আত্মবিশ্বাসের ঝাঁজ।সামনে হল্যান্ড-বাধা। আগামীকাল প্রথম সেমিফাইনালে ডাচদের মুখোমুখি তাবারেজের উরুগুয়ে। এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক খেলছে হল্যান্ড। তাই বলে কিন্তু ভয় পাচ্ছে না তাবারেজের দল। ‘হল্যান্ড কঠিন প্রতিপক্ষ, কিন্তু এমন নয় যে ওদের আমরা হারাতে পারব না’—বেশ আত্মবিশ্বাস নিয়েই কথাটা বলেছেন তাবারেজ।হল্যান্ডের বিপক্ষে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস নেই উরুগুয়ের। এখন পর্যন্ত দুটো ম্যাচই খেলেছে, প্রথমটি ১৯৭৪ বিশ্বকাপে। ‘টোটাল ফুটবল’-এর হল্যান্ডের বিপক্ষে ম্যাচটা তারা হেরেছিল ২-০ গোলে। ১৯৮০ সালে মন্টেভিডিওর প্রীতি ম্যাচে একই ব্যবধানে হল্যান্ডকে হারিয়ে দিয়ে সেটির শোধবোধও হয়ে গেছে।ক্রুইফদের হল্যান্ডের চেয়েও এই দলটাকে বেশি ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে তাবারেজের, ‘প্রথাগত হল্যান্ড দলের তুলনায় এই প্রজন্মের ফুটবলাররা ভিন্ন রকম। এই দলটা খুব, খুবই ভারসাম্যপূর্ণ। এদের রক্ষণভাগ নাছোড়বান্দা। সহজে হাল ছাড়ে না। মাঝমাঠে কৌশলগত দিক দিয়ে খুবই প্রতিভাবান খেলোয়াড় আছে এদের। ফন বোমেল, স্নাইডার, রোবেন...আরও অনেক অবিশ্বাস্য প্রতিভাধর খেলোয়াড়। কিউটও আছে।’তাবারেজের দলে তারকার ছড়াছড়ি নেই। তবে যাঁরা আছেন, পুরো বিশ্বকে জানিয়ে দিতে চান নিজেদের নাম। ডিয়েগো ফোরলান তো অনেক আগে থেকেই তারকা। এই বিশ্বকাপ যেন নতুন করে আবিষ্কার করল তাঁকে। লুইস সুয়ারেজ এরই মধ্যে দলবদলের বাজারে বড় আকর্ষণ।সুয়ারেজ অবশ্যই খেলতে পারছেন না আগামীকাল। আগের ম্যাচে দলকে সেমিফাইনালে তোলা সেই হ্যান্ডবলের কারণে দর্শক হয়ে ম্যাচটা দেখতে হবে তাঁকে। নিয়মিত অধিনায়ক ডিয়েগো লুগানোসহ কজন খেলোয়াড় ইনজুরিতে। সাসপেন্ড হয়ে আছেন ডিফেন্ডার হোর্হে সিরো ফুসাইলও।দলটাকে নতুন করে সাজাতে হচ্ছে তাবারেজকে। এতে অবশ্য তিনি চিন্তিত নন বলেই দাবি করলেন, ‘আমাদের হাতে বিকল্প অনেক ভালো ভালো ফুটবলারই আছে। তা ছাড়া আমরা এরই মধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণও তো দিয়ে দিয়েছি। দলের ২৩ ফুটবলারের ২০ জন এরই মধ্যে খেলে ফেলেছে।’ এএফপি।