ভয় পাচ্ছে হল্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল গত ৩০ ম্যাচে একবার মাত্র পরাজয়ের মুখ দেখেছে। আরেক দল গত ২৩ ম্যাচে হারের মুখ দেখেইনি। লড়াইটা তাহলে সমানে সমান হতে যাচ্ছে?কিসের সমানে সমান! হল্যান্ড কোচ বার্ট ফন মারউইক আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, তাঁরা ব্রাজিলের বিপক্ষে ‘আন্ডারডগ’। আত্মবিশ্বাসে একটুও ঘাটতি নেই মারউইকের। কিন্তু প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বলে কথা! তাই মারউইক সেরে-সামলে কথা বলছেন, ‘দক্ষিণ আফ্রিকায় সম্ভবত এই প্রথমবারের মতো আমরা আন্ডারডগ হিসেবে খেলব ব্রাজিলের বিপক্ষে।’মারউইক বাস্তবতা বুঝে নিজেদের পিছিয়ে রাখছেন। তাই বলে আশাও ছাড়ছেন না। বাছাইপর্ব ও মূলপর্বে সবগুলো ম্যাচ জেতা মারউইকের স্বপ্ন বিশ্বকাপ জেতা। লোকেরা তাঁর কথা শুনে হাসতে পারেন। কিন্তু মারউইক কথাটা বিশ্বাস করতে চান, ‘আমরা এখানে এসেছি সবচেয়ে বড় পুরস্কারটা জিততে। আমাদের এটা বিশ্বাস করতেই হবে। আমরা বিশ্বকাপ জেতার যোগ্যতা রাখি, এ কথা বললে অনেকে হাসতে পারে। কিন্তু আমাদের তো এই মানসিকতাটা পোষণ করতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে। আমার ধারণা, আমরা সেটা করতে পারছি।’শুধু এটা বিশ্বাস করাই নয়, মারউইক বলছেন, এখনো পর্যন্ত তাঁর দল চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলে চলেছে, ‘এখন পর্যন্ত আমরা যে ম্যাচগুলো খেলেছি, তাতে প্রমাণ করেছি, আমরা খেলা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা সাতটি গোল করেছি, দুটি মাত্র হজম করেছি। আমরা দেখাতে পেরেছি, আমরা কত ভালো খেলতে পারি। আমি বলব, আমাদের রক্ষণভাগ এখনো পর্যন্ত দুর্দান্ত।’দলের প্রশংসা করতে গিয়ে মারউইক বিশেষ করে টেনে আনলেন চোট কাটিয়ে দুর্দান্ত ফর্মে ফেরা আরিয়েন রোবেনের কথা, ‘ও ৭০ মিনিট খেলতে পেরেছে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার ধারণা, ইনজুরি থেকে ফেরার পরের ভয়টা ও কাটিয়ে ফেলেছে। রোবেন ফিট, এটা বিরাট একটা খবর।’ব্রাজিলের বিপক্ষে হল্যান্ডের পক্ষে বাজি ধরার লোক হয়তো খুব বেশি পাওয়া যাবে না। কিন্তু মারউইকের ‘সৈনিক’রা গর্জন করতে ছাড়ছেন না। ডাচ স্ট্রাইকার ডির্ক কিউট বলছেন, ‘ব্রাজিলের বিপক্ষে খেলার জন্য তর সইছে না আমাদের। আমরা এই বিশ্বকে বুঝিয়ে দিতে চাই, আমরা ব্রাজিলের মতো দলকেও হারাতে পারি। আমি মনে করি, বিশ্বের যেকোনো দলের বিপক্ষে জয়ের সুযোগ আছে আমাদের। আমাদের নিজেদের যোগ্যতার ওপর বিশ্বাস আছে।’ কিউটের চেয়েও এক কাঠি সরেস উইঙ্গার রায়ান বাবেল। তিনি ব্রাজিলের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী তো বটেই, সঙ্গে আবার ব্রাজিলের বিপক্ষে নিজেদের সেরাটা বের হয়ে আসবে বলেও মনে করছেন। তাঁর যুক্তি, ‘যেসব দল ফুটবল খেলতে চায় না, প্রতিপক্ষের খেলার জন্য অপেক্ষা করে, তাদের বিপক্ষে খেলাটা খুব কঠিন। যারা নিজেরা ভালো খেলতে চায়, তাদের বিপক্ষেই আমরা সেরাটা খেলতে পারি। ব্রাজিল সম্ভবত আমাদের জন্য অপেক্ষা করবে না। ফলে আগের দিনের চেয়ে আমরা ভালো খেলতে পারব।’এই বিশ্বাসই তো চান মারউইক। কিন্তু মারউইকের অভিজ্ঞ মন এটাও জানে, কিউট-বাবেলদের আশা বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা কত কম। ব্রাজিলের ঐতিহ্য ও ক্ষমতার বন্দনা তাই নিজেই করে নিলেন, ‘ব্রাজিল তো খুব পরিণত একটা দল। তারা দারুণ ধারাবাহিক। ব্রাজিলিয়ানরা বয়ে নিয়ে চলেছে তাদের আত্মবিশ্বাস। মনে হচ্ছে ওরা অপরাজেয়।’তাহলে তো আর হল্যান্ডের কিছু করার নেই। ওয়েবসাইট।