ভয় পেয়েছিলেন রোনালদো!

বাঘা বাঘা ডিফেন্ডারদের মনে প্রায়ই ভীতি ছড়িয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত বছর দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটাও জিতেছেন এই পর্তুগিজ উইঙ্গার। কিন্তু চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে নাকি কিছুটা ভয়ই পেয়েছিলেন এই সময়ের অন্যতম সেরা এ ফুটবলার।
পাবেন না-ইবা কেন? ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন টানা তিন সপ্তাহ। শতভাগ সুস্থও হতে পারেননি। এর মধ্যেই নেমে পড়তে হয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে। প্রতিপক্ষও গতবারের শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখ। কিছুটা অস্বস্তি তো কাজ করারই কথা রোনালদোর। তেমনটা যে সত্যিই হয়েছিল, সেটা স্বীকারও করে নিয়েছেন রিয়ালের এই প্রাণভোমরা, ‘আমি ভয় পেয়েছিলাম। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার পর এটাই ছিল আমার প্রথম ম্যাচ। কেউ কেউ আমাকে খেলতে দিতে চায়নি আবার কেউ চেয়েছে যে আমি খেলি।’
রোনালদো যে এখনো শতভাগ সুস্থও হয়ে উঠতে পারেননি, সেটা জানিয়েছেন খোদ রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। গতকাল ম্যাচশেষে তিনি বলেছেন, ‘ক্রিস্টিয়ানো ভালো খেলেছে। সে পুরোপুরি ফিট ছিল না। তার পরও দলকে সাহায্য করার জন্য সে অনেক খেটেছে।’
বায়ার্নের বিপক্ষে পুরো ৯০ মিনিটও খেলেননি রোনালদো। মাঠ ছেড়েছিলেন ৭৪ মিনিটের মাথায়। কিন্তু এর মধ্যে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিলেন এই পর্তুগিজ তারকা। ১৯ মিনিটে দলের জয়সূচক গোলটির পেছনেও আছে রোনালদোর ভূমিকা। ফ্যাবিও কোয়েন্ত্রার দিকে চমত্কার এক ডিফেন্ডচেরা পাস দিয়েছিলেন তিনি। এরপর কোয়েন্ত্রার আরেকটি পাস থেকে বল পেয়েই গোল করেছেন বেনজেমা। ইনজুরি-অস্বস্তির মধ্যেও প্রথম লেগের খেলা যে ভালোয় ভালোয় শেষ জয়েছে, এতেই সন্তুষ্টি প্রকাশ করেছেন রোনালদো। আর এখন স্বাভাবিকভাবেই নজর রাখছেন দ্বিতীয় লেগের ম্যাচে, ‘১-০ খুব ভালো ফলাফল। আমরা কিছুটা এগিয়ে থাকলাম। আর পরের লেগের খেলায় আমরা যদি গোল করতে পারি, তাহলে তাদের ফাইনালে যাওয়ার কাজটা খুবই কঠিন হয়ে যাবে।’
দ্বিতীয় লেগের খেলায় হয়তো শতভাগ সুস্থ হয়েই মাঠে নামতে পারবেন রোনালদো। আর নিজের সেরা পারফরম্যান্সটা যদি দেখাতে পারেন, তাহলে সত্যিই বিপদে পড়তে হবে বায়ার্নকে।— গোল ডটকম