জোহানেসবার্গবিশ্বকাপে ডাকনাম ছাড়া কোনো দল খুঁজে পাবেন না আপনি। কোনো কোনো দলের একাধিক নাম আছে। ব্রাজিলের তো গোটা দশেক! বাহারি নাম আছে আফ্রিকান দলগুলোরও—বাফানা বাফানা, ইনডমিটেবল লায়ন্স (অদম্য সিংহের দল), ব্ল্যাক স্টারস (কৃষ্ণ তারকাপুঞ্জ), সুপার ইগলস, লে এলিফ্যান্তস (হাতির দল) ইত্যাদি। এসব আপনাদের জানা। তবে নামগুলো এখন আর ঝংকার তুলছে না। দক্ষিণ আফ্রিকায় এসে ভুভুজেলার শব্দের মধ্যে বাফানা বাফানা নামটি শুনতে শুনতে কান ঝালপালা হওয়ার জোগাড়। সুপার ইগলস, লায়নস, এলিফ্যান্তস, ব্ল্যাক স্টারস নামগুলোও কম শোনা যায়নি। কী আশা, কী প্রত্যাশা! বাতাসে কান পাতলেই মনে হতো আফ্রিকার দলগুলোরই জয়ের ধ্বনি বাজছে। বাস্তবের সঙ্গে প্রত্যাশার এমন ফারাক যে, ঘানা ছাড়া আফ্রিকার দ্বিতীয় কোনো দল দ্বিতীয় রাউন্ডে উঠবে কি না, ঘোরতর সংশয় রয়েছে।আগামীকাল জার্মানির কাছ থেকে একটা পয়েন্ট আদায় করতে পারলেই দ্বিতীয়বার বিশ্বকাপে এসে টানা দুবার দ্বিতীয় রাউন্ডের মঞ্চ। অথচ মাইকেল এসিয়েনবিহীন কৃষ্ণ তারকাদের নিয়ে আফ্রিকার স্বপ্ন এত বড় ছিল না, যতটা ছিল ক্যামেরুন বা আইভরিকোস্টকে নিয়ে। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত কিছু দেখিয়ে দক্ষিণ আফ্রিকা রীতিমতো গর্জন করল, ‘আমরা শুধু আয়োজক নই, অংশগ্রহণকারীও!’দিদিয়ের দ্রগবা নিজের দেশে তো মহাতারকাই, গোটা আফ্রিকাতেই তাঁর অন্যরকম ভাবমূর্তি। ১০ দিন আগে অস্ত্রোপচার করা ভাঙা হাতে একটা ব্যান্ডেজ লাগিয়ে খেললেন সেদিন পর্তুগালের বিপক্ষে। নেমেছিলেন শেষ ২৫ মিনিটের জন্য। তাতেই বুঝিয়ে দিয়েছেন নিজের জাত এবং অদম্য ইচ্ছাটা। ব্রাজিলের সঙ্গে খেললেন পুরোটা ম্যাচ। হেডে একটা গোল করলেন চেলসিকে এ মৌসুমে ডাবল জেতানো স্ট্রাইকার। গোল করাটা কত সহজ তাঁর জন্য! ইয়া তোরের লবটিকে মাথা দিয়ে কেবল ফ্লিক করে দিলেন।হলে কী হবে, আইভরিকোস্ট গোলটা যখন পেল, দেরি হয়ে গেছে অনেক। বড় পরাজয় নিয়েই ছাড়তে হলো মাঠ। হয়তো বিশ্বকাপটাই চলে গেল নাগালের বাইরে। অথচ আইভরিকোস্ট অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখেছিল। এখানকার পত্রিকাতেই দ্রগবার সাক্ষাত্কারে দেখেছি স্বপ্নে ঘেরা কথাবার্তা, ‘আমরা ভালো করব অবশ্যই, এমনকি ফাইনালে যাওয়ারও স্বপ্নকেও আমাদের কাছে দূরের মনে হয় না।’দ্রগবা তবু তাঁর বীরত্বের একটু নমুনা পেশ করেছেন। আফ্রিকার আরেক মহাতারকা স্যামুয়েল ইতো তাও পারেননি। জাপানের কাছে এক গোলে পরাজিত ক্যামেরুন দলে ইতোকে ইতোর চেহারায় চিনে নিতে কষ্ট হয়েছে। ডেনমার্কের বিপক্ষে একটা গোল করে লড়াইয়ে রেখেছিলেন দলকে। শেষ পর্যন্ত ভাগ্যের কাছে মার খেয়ে সামর্থ্যকে প্রশ্নের ঊর্ধে তুলে নিয়ে যেতে পারেননি। ফুটবলে সুযোগ কাজে লাগাতে পারাটাও নৈপুণ্যের মধ্যে পড়ে। ক্যামেরুন ওই সামর্থ্য আর নৈপুণ্যের সীমাবদ্ধতা প্রকাশ করে, আর খানিকটা ভাগ্যের হাতে মার খেয়ে আফ্রিকার মধ্যে সবার আগে ফিরতি বিমানের টিকিট নিশ্চিত করল। রজার মিলাকে জবাব দেওয়া হলো না ইতোর। মিলা নিশ্চয়ই মনে মনে তাঁর সেই বিখ্যাত ‘ডিস্কি নাচ’ নাচছেন, ‘কী বলেছিলাম না, ইতো কেবল নামেই বড় তারকা, দেশের হয়ে কিছু করতে পারে না!’দক্ষিণ আফ্রিকার ব্যর্থতায় কোচ আলবার্তো পাহেইরার চাকরিটা পড়ে গেছে খাঁড়ার নিচে। আইভরিকোস্ট, ক্যামেরুনের কোচদের জন্যও হয়তো অপেক্ষা করছে অমনই পরিণতি। নাইজেরিয়ায় প্রতিক্রিয়া সবচেয়ে তীব্র। গ্রিসের কাছে হেরেই সম্ভাবনা ফিকে হয়ে যায় সুপার ইগলদের। ওই ম্যাচে সানি কেইটা লাল কার্ড না পেলে কি জেতার সম্ভাবনা থাকত তাদের? হয়তো, হয়তো না। তবে নাইজেরিয়ার কিছু উগ্র সমর্থক ওই লাল কার্ডটিকেই দেখেছেন বড় করে। ই-মেইলে হাজারখানেক মৃত্যুর হুমকি পেয়েছেন কেইটা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে শেষ ম্যাচ খেলতে নামার আগে নাইজেরিয়া দলকে তাই ডারবানের রিচার্ড বে প্রশিক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে।দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ হতাশার চকখড়ি দিয়েই দাগ এঁকে রাখল আফ্রিকার দেশগুলোর গায়ে। কিন্তু প্রথম রাউন্ডের দুটো করে ম্যাচ হয়ে যাওয়ার পর ইউরোপের বড় দলগুলোও তো হতাশার ছবিই আঁকছে! ইংল্যান্ডের বরাবরের মতোই ম্যাড়মেড়ে প্রদর্শনী। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি টানা দ্বিতীয় ম্যাচেও হোঁচট খেল। পরশু তাদের জিততে দিল না ২৪ বছর বিস্মৃতির আঁধারে লুকিয়ে থাকা নিউজিল্যান্ড। ফ্রান্স জ্বলছে গৃহদাহের আগুনে। আর্সেনালের ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গার বললেন, প্রত্যাশার চাপ আর ব্যর্থতার ভয়েই ইউরোপের দলগুলোর এই দশা। কাল সকার সিটির মিডিয়া সেন্টারে ক্যামেরার অজস্র ফ্লাশ আর ঘিরে ধরা সাংবাদিকদের ভিড় ঠেলে দীর্ঘদেহী ওয়েঙ্গার ধীর পায়ে চলে গেলেন গ্যালারির দিকে। নড়ে উঠল মিডিয়া সেন্টার। তবে এর ঘণ্টাখানেক আগে প্রবল ঝাঁকুনিতে ভূমিকম্পের মতো নড়ে উঠল সেটি। বোমা বিস্ফোরণ? ভয় জেঁকে বসল। পরে বিবৃতি দিয়ে জানাল হলো, ও কিছু নয়। সরকার অনুমোদিত একটি বিস্ফোরক প্রস্তুতকারক কোম্পানি পরীক্ষা চালিয়েছে ৫০০ মিটার দূরের একটা জায়গায়।আপাতত দূর হলো ওই ভয়টা। কিন্তু এই বিশ্বকাপ নিয়ে নানা ভয় রকম তবু রয়েই গেল।