ভয় শুধু জুভেন্টাসেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ধাপের শুরু আজ। জমজমাট একটা ফুটবলময় রাত তো আজ আশা করাই যেত। কিন্তু রোমাঞ্চের ছোঁয়া ঠিক যেন সেভাবে পাওয়া যাচ্ছে না। যাবে কীভাবে? যাদের ওঠার কথা, তাদের প্রায় সবাই তো এর মধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে! রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, পিএসজি আজ নির্ভার হয়েই মাঠে নামবে। বড় দলগুলোর মধ্যে অনিশ্চয়তার বাতাবরণ ঘিরে আছে শুধু জুভেন্টাসকে, শেষ ষোলোতে উঠতে হলে অন্তত ড্র করতেই হবে।

কোপেনহেগেনের সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিছক আনুষ্ঠানিকতা, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যই সেটিতে চোখ রাখতে হবে সবার। চোটের কারণ রিয়ালের সর্বশেষ তিনটি ম্যাচে খেলেননি। তবে গত পরশুই কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, ‘ক্রিস্টিয়ানো ভালো আছে। সে দলের বাকিদের সঙ্গে অনুশীলন করছে। মঙ্গলবার সে খেলবে।’

রিয়াল তো উঠেই গেছে, গুরুত্বহীন ম্যাচে রোনালদোকে নামানোর ঝুঁকি কেন নিতে যাওয়া? একটা কারণ হতে পারে রেকর্ডের হাতছানি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে এর মধ্যেই ৮ গোল হয়ে গেছে। গ্রুপ পর্যায়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়তে চাই আর মাত্র একটি গোল। ৮ গোল আছে রুদ ফন নিস্টলরয়, ফিলিপ্পো ইনজাগি, হার্নান ক্রেসপোরও। ইব্রাহিমোভিচেরও তা-ই। রোনালদোর মতো তাঁরও সুযোগ ছিল রেকর্ড গড়ার। কিন্তু আজ বেনফিকার বিপক্ষে খেলছেন তো না-ই, দলের সঙ্গে পর্তুগালেই যাচ্ছেন না ইব্রা। কারণ সম্ভবত তাঁকে বিশ্রাম দেওয়া।

উদ্বিগ্ন প্রহর কাটছে জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তের। গ্যালাতাসারাইয়ের সঙ্গে আজ ড্র হলেই চলে, কিন্তু খেলাটা যে প্রতিপক্ষের মাঠে। দুশ্চিন্তার কারণ আছে আরও, চোটের জন্য আজ নামতে পারছেন না দলের প্রাণভোমরা আন্দ্রেয়া পিরলো। এই অনিশ্চিত পরিস্থিতিতে পড়ার দায় কন্তে নিজেদের কাঁধেই নিচ্ছেন, ‘গ্যালাতাসারাইয়ের সঙ্গে খেলার আগে বড় বড় কথার কোনো প্রয়োজন নেই। আমরা নিজেরাই গ্রুপ পর্বটা কঠিন করে তুলেছি। মঙ্গলবার সেটা পুষিয়ে দেওয়ার কাজটা আমাদেরই করতে হবে।’

প্রতিপক্ষ দুই দলের বিবেচনায় আজ সবচেয়ে বড় ম্যাচটি হবে অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। যেখানে স্বাগতিক বায়ার্ন মিউনিখের মুখোমুখি ম্যানচেস্টার সিটি। ম্যাচটি আসলে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী। সেটিও আসলে একরকম নির্ধারিত হয়েই আছে। কীভাবে? গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে সিটিকে অন্তত তিন গোলে জিততে হবে। গত মার্চে আর্সেনালের কাছে হারার পর ঘরের মাঠে টানা ১৮টি ম্যাচ জিতেছে বায়ার্ন—এটাই বোধ হয় বলে দিচ্ছে সিটির কাজটা কঠিন থেকে প্রায় অসম্ভবের পর্যায়ে উন্নীত। এএফপি।

আজ মুখোমুখি

ইউনাইটেড - শাখতার
সোসিয়েদাদ - লেভারকুসেন
গ্যালাতাসারাই - জুভেন্টাস
কোপেনহেগেন - রিয়াল মাদ্রিদ
বেনফিকা - পিএসজি
অলিম্পিয়াকস - আন্ডারলেখট
বায়ার্ন - ম্যানচেস্টার সিটি
ভিক্টোরিয়া প্লজেন - সিএসকেএ মস্কো
* প্রথমে স্বাগতিক দল