ভয়ংকর দুর্ঘটনা, করুণ মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনটি হতে পারত একান্তই তাঁর। শিরোপা জিতলে পেতেন ৫০ লাখ ডলার পুরস্কার। কিন্তু শিরোপা আর পুরস্কার কোনোটাই নয়, পৃথিবীর ছেড়েই চলে গেছেন ইন্ডিকার-চালক ড্যান হোয়েলডন। পরশু লাস ভেগাসে অন্য প্রতিযোগীদের সঙ্গে ৩৩ বছর বয়সী এই ব্রিটিশ চালকও ইন্ডি ৩০০ রেসের ফাইনাল রাউন্ডে অংশ নেন। কিন্তু প্রতিযোগিতা শেষ করতে পারেননি। শুরুর পরই ১৫টি গাড়ির ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিয়েছে দুবারের ইন্ডিয়ানাপোলিস ৫০০ চ্যাম্পিয়ন হোয়েলডনের প্রাণ।এক একটি ল্যাপ ১.৫ মাইলের আর ১২ ল্যাপের প্রতিযোগিতায় হোয়েলডন সবে বসেছিলেন গাড়ির স্টিয়ারিংয়ে। কিন্তু দ্বিতীয় মোড়টি পেরোনোর আগেই আরেক প্রতিযোগী ওয়াডে কানিংহামের গাড়িটি ট্র্যাকে বাঁক নিলেই ত্রিমুখী সংঘর্ষে শূন্যে লাফিয়ে ওঠা হোয়েলডনের গাড়িটিতে আগুন ধরে যায়, পরে তা আঘাত করে ট্র্যাকের বেষ্টনীতে। উদ্ধারকর্মীরা দ্রুতই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ঘণ্টা দুয়েক পরই নিশ্চিত হয় হোয়েলডনের মৃত্যু। দুর্ঘটনায় কানিংহামের তেমন কিছু না হলেও আহত হয়েছেন আরও তিন চালক উইল পাওয়ার, হিল্ডেব্র্যান্ড ও পিপা মান। হোয়েলডনের সম্মানে ইন্ডিকার-চালকেরা পাঁচটি ল্যাপ অব অনার এবং দুই মিনিট নীরবতা পালন করে। ব্রিটিশ ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন জেনসন বাটন ও লুইস হ্যামিলটনসহ শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই। এএফপি, ওয়েবসাইট।