ভয়াবহ সংকটে পাকিস্তান: ইমরান খান
স্পট ফিক্সিং বিতর্কের কারণে আইসিসির সাময়িক বহিষ্কারাদেশে আছেন সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। ফিক্সিংয়ের গুঞ্জন রয়েছে আরও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে। জুয়াড়িদের হুমকির কারণে যুক্তরাজ্যে পালিয়ে গিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার। বোর্ড, ক্রিকেটার, কর্মকর্তাদের মধ্যে নানা বিশৃঙ্খলা তো আছেই! সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।দলের বর্তমান পরিস্থিতি প্রশ্নে ইমরান রয়টার্সকে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে। যেমন সংকটে আছে দেশটাও।’ এরপর সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমরা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। মোহাম্মদ আসিফ ও আমিরকে নিয়ে কী হচ্ছে জানতে চাই আমরা।’আসিফ-আমির না থাকায় দুর্বল হয়ে পড়েছে পাকিস্তানের বোলিং লাইন আপ। ইমরান খান বলেন, ‘সন্দেহাতীতভাবে এ দুজন পাকিস্তানের সেরা বোলিং জুটি। আমি ওয়াসিম আকরাম ও আমির দুজনকেই দেখেছি। আমি আপনাদের বলতে পারি, ওয়াসিম পরিণত বয়সে যেমনটা ছিল, ঠিক সেদিকেই এগিয়ে যাচ্ছে আমির।’