ভয়াল সুন্দর জার্মান ফুটবল
জোয়াকিম লোর মন খারাপ হতেই পারে। নিজেদের সেরাটা খেলতে পারলে জার্মান ফুটবল কতটা ভয়ংকর হতে পারে, তার নমুনা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও দেখিয়েছিল লোর দল। পরশু ইংল্যান্ডের বিপক্ষে আরেকবার দেখাল। অথচ জার্মানির দুর্দান্ত ফুটবলের চেয়ে কিনা বেশি কথা হচ্ছে বিতর্কিত গোল বাতিল নিয়ে!ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সেই গোলটি হলে ম্যাচে সমতা ফিরত, খেলার ফলাফলও অন্য রকম হতে পারত। তবে এর চেয়েও বড় সত্যিটা হলো, জার্মান কোচের অসাধারণ কৌশল আর মাঠে শিষ্যদের তা নিখুঁত বাস্তবায়নের কোনো জবাব ছিল না ইংল্যান্ডের কাছে। সবকিছু পরিকল্পনামতো হওয়ায় লো ছিলেন উচ্ছ্বসিত, ‘অভিজ্ঞ এক ইংল্যান্ড দলের বিপক্ষে আমার তরুণ দল দুর্দান্ত খেলেছে। কৌশলগতভাবে আমরা ছিলাম অসাধারণ। ম্যাচের বেশির ভাগ সময় আমরাই নিয়ন্ত্রণ করেছি।’ দারুণ সফল সেই কৌশলগুলোর একটা খুলেও বলেছেন লো, ‘আমরা জানতাম ওদের দুই মিডফিল্ডার জেরার্ড ও ল্যাম্পার্ড আক্রমণে সাহায্য করার জন্য অনেক ওপরে উঠে যায়। জানতাম, মিডফিল্ডে তাই জায়গা পাওয়া যাবে। আমরা জন টেরিকে তাই বাধ্য করেছি ডিফেন্স থেকে একটু উপরে উঠে আসতে, এতে ওর সঙ্গে আরেক সেন্ট্রাল ডিফেন্ডারের ব্যবধান বেড়ে গেছে। ওই সুযোগটা আমরা নিয়েছি।’দ্বিতীয়ার্ধে জার্মানির দুটি গোলই হয়েছে চোখ ধাঁধানো দুটি অ্যাটাকে। লো জানালেন, এটাও পরিকল্পনার সফল বাস্তবায়ন, ‘বিরতির সময় দলের সবাইকে বলেছিলাম, আমাদের আরেকটি গোল করতে হবে। আমরা জানতাম, কাউন্টার অ্যাটাকে ইংল্যান্ডকে বিধ্বস্ত করা যাবে, কারণ তখন ওরা অনেক উন্মুক্ত হয়ে খেলছিল। ছেলেরা দারুণভাবে তা কাজে লাগিয়েছে।’শুধু নিজের সফল কৌশল নিয়েই নয়, লো বলেছেন ল্যাম্পার্ডের সেই গোল বাতিল নিয়েও, ‘টিভিতে যা দেখলাম, তাতে বল গোললাইন পেরিয়েছিল, গোলটি দেওয়া উচিত ছিল।’ এই গোল নিয়ে জার্মানির জয়ের নায়ক টমাস মুলারের কথা, ‘এটা আমাদের জন্য সৌভাগ্য নিয়ে এসেছিল এবং আমরা তা দু হাতে গ্রহণ করেছি।’ টিভি রিপ্লে দেখে জার্মান গোলকিপার ম্যানুয়েল নিউয়ার আবার দেখতে পারছেন এর মজার দিকটাই, ‘তাৎক্ষণিকভাবে আমি কোনো প্রতিক্রিয়া দেখাইনি, বোঝার চেষ্টা করছিলাম ঘটনা আসলে কী। পরে টিভিতে দেখলাম। মনে হলো বলটা গোললাইনের খুউব কাছাকাছি পড়েছে—প্রায় দুই মিটার!’ ওয়েবসাইট।