ভয়ে অবসর নিলেন জুলকারনাইন
সদ্য ক্যারিয়ার শুরু করেছিলেন জুলকারনাইন হায়দার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই তাঁর অভিষেক হয়েছে ওয়ানডে ক্রিকেটে। এর আগে গত আগস্টে খেলেছেন একমাত্র টেস্ট। ক্যারিয়ারের এই সূচনালগ্নে ভালো পারফরমেন্স দেখিয়ে ভবিষ্যতে দলে নিজের জায়গা পাকাপোক্ত করার জায়গায় হঠাত্ কিনা অবসরের ঘোষণা দিয়ে বসলেন জুলকারনাইন হায়দার! ব্রিটেন থেকে জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি আর আমার পরিবার ক্রমাগত হুমকির মুখে আছি। এই অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়াটাই আমার জন্য সবচেয়ে ভালো বলে মনে হচ্ছে।’জুলকারনাইন হায়দারের অন্তর্ধান রহস্যের সমাধানটা যে এভাবে হবে, তা হয়তো কেউই ভাবতে পারেননি। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগ দিয়ে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জানা গেল, নিরাপত্তাহীনতার আশঙ্কায় কাউকে কিছু না জানিয়েই দুবাই থেকে ব্রিটেনে পাড়ি দিয়েছেন তিনি। পঞ্চম ওয়ানডেটি হারার জন্য অজ্ঞাত কোনো ব্যক্তি তাঁকে ভয় দেখাচ্ছিল বলে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেইসবুকে জানিয়েছিলেন হায়দার। লন্ডনে পৌঁছানোর পর সবকিছু খোলাখুলি স্বীকার করে তিনি বলেছেন, ‘চতুর্থ আর পঞ্চম ওয়ানডে ম্যাচটি পাতানোর জন্য জুয়াড়িরা আমাকে অনেক চাপ দিচ্ছিল। সহযোগিতা না করলে আমাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে বলেও হুমকি দিয়েছিল তারা।’ রয়টার্স