ভয়ের কিছু দেখছেন না স্ট্রাউস
‘আতঙ্কিত হওয়ার কিছু নেই’—মাস খানেক আগে একবার বলেছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস। পার্থ টেস্টে ইংল্যান্ড ২৬৭ রানে হারার পর। ইংলিশ অধিনায়ক একই কথা বললেন গত পরশু। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচই হারার পর। সেবার স্ট্রাউসের কথায় কাজ হয়েছিল। পরের দুই টেস্ট জিতে ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। এবার কাজ হবে?বিশ্বাস করার মতো লোক খুব বেশি পাওয়া যাবে বলে মনে হয় না। কদিন আগের ইংল্যান্ডের সঙ্গে এই ইংল্যান্ডের যে আকাশ-পাতাল ফারাক! বলতে পারেন, ইংল্যান্ড অ্যাশেজে খুব ভালো করেছে সত্যি, কিন্তু ওয়ানডে তো আলাদা ক্রিকেট। জেনে রাখুন, ওয়ানডেতেও নিজেদের ইতিহাসে সেরা সময় কাটাচ্ছিল ইংল্যান্ড। এই সিরিজের টানা ছয়টি সিরিজে জয়, আগে কখনো চারটির বেশি পারেনি। আরেকটু সংক্ষিপ্ত খেলা টি-টোয়েন্টিতে টানা জয়ের বিশ্ব রেকর্ডও হয়েছে এই সময়ে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে প্রমাণ করেছে, ইংল্যান্ড বৈশ্বিক টুর্নামেন্টেও পারে। সব মিলিয়ে ইংল্যান্ডকে আগামী বিশ্বকাপের অন্যতম ফেবারিট বলছেন বিশেষজ্ঞদের অনেকে। কিন্তু আসল সময়েই যে খেই হারাতে শুরু করল ইংলিশরা!স্ট্রাউস কিন্তু খেই হারাচ্ছেন না। অস্থির হওয়ারও কিছু দেখছেন না তিনি, ‘আমি এখনো ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেটই খেলে যেতে চাই। অস্ট্রেলিয়ায় এবং বিশ্বকাপে সফল হওয়ার একমাত্র উপায় এটাই। আমি চাই না, ‘‘এই শট কেন খেললাম, কেন ওটা খেললাম না’’ এসব ভেবে আমাদের ব্যাটসম্যানরা ভেবে মরুক। আমি চাই, ওরা স্বাধীনভাবে খেলুক। যদি এটা করে যেতে পারি এবং নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারি, তাহলে পরিস্থিতি অবশ্যই পাল্টাবে। এখন বরং সমালোচনায় ক্রিকেটারদের ক্ষতি না করে তাদের পাশে দাঁড়ানো উচিত।’ইংল্যান্ডের পত্রপত্রিকায় অবশ্য এই দুরবস্থার জন্য একটা বড় দায় দেওয়া হচ্ছে সূচি আর অবসাদকে। প্রায় তিন মাস আগে অস্ট্রেলিয়ায় পা রেখেছে ইংল্যান্ড। এরপর থেকে টানা খেলেই যাচ্ছে। অনুশীলন ম্যাচসহ খেলে ফেলেছে ১৬টি ম্যাচ! স্ট্রাউস কিন্তু এটাকে ঢাল বানাতে চাইলেন না, ‘আমি তো অবসাদ তেমন দেখছি না। ছেলেরা যথেষ্ট তরতাজাই আছে। তা ছাড়া ওয়ানডে দলে অনেক পরিবর্তনও এসেছে। আমাদের সামনে এখনো অনেক ক্রিকেট আছে। আছে বিশ্বকাপও। সূচিটা আমরা এখানে আসার আগেই জানতাম। নতুন করে কিছু তো যোগ হয়নি। কঠিন সূচির সঙ্গে আমাদের মানিয়ে নিতেই হবে। এটা তো বলা যাবে না যে আর পারছি না। আমাদের কাজ হলো অভিযোগ না করে মানিয়ে নেওয়া।’ওয়ানডে সিরিজে পারফরম্যান্স বলছে, মানিয়ে নেওয়ার কাজটা এখনো ঠিক করতে পারছে না ইংল্যান্ড। এএফপি।