মঁপেলিয়ের প্রথম শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় বাজেটের দল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) স্বপ্ন গুঁড়িয়ে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতল মঁপেলিয়ে।ইউরোপের অন্য লিগগুলোর শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। বাকি ছিল শুধু ফ্রেঞ্চ লিগ ওয়ান। পরশু উত্তেজনাকর শেষ দিনে অজেরিকে ২-১ গোলে হারিয়ে দেশের শীর্ষ লিগের প্রথম শিরোপার স্বাদ পেল মঁপেলিয়ে। অবশ্য শিরোপা উৎসবে মেতে ওঠার আগে মঁপেলিয়ে সমর্থকদের কেটেছে প্রবল টেনশনে।শেষ রাউন্ড বলে সবগুলো ম্যাচই শুরু হয়েছিল একই সঙ্গে। কিন্তু স্বাগতিক অজেরি সমর্থকদের প্রতিবাদের মুখে দুইবার বন্ধ হয়ে যায় অজেরি-মঁপেলিয়ের ম্যাচ। পরে পুলিশের উপস্থিতিতে হয় খেলা। মঁপেলিয়ে সমর্থকদের স্নায়ুচাপ বাড়িয়ে দিয়ে ততক্ষণে লঁরিয়ের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে পিএসজি। অজেরির বিপক্ষে মঁপেলিয়ে হারলেই গোল-ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে শিরোপা জিতত পিএসজি। মঁপেলিয়ে শিবিরকে হতাশায় ডুবিয়ে প্রথমে এগিয়েও গিয়েছিল অজেরি, অলিভার ক্যাপোর ২০ মিনিটের গোলে। কিন্তু ৩২ ও ৭৮ মিনিটে দুই গোলে মঁপেলিয়ের ইতিহাস লিখেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার জন উতাকা। এএফপি।