মইন উ আহমেদের নাম বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝখানে কয়েক বছর নিয়মিতই দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পুরস্কার। তবে বর্তমান সরকারের সময় এটি আবার অনিয়মিত। ২০০৮ ও ২০০৯ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হচ্ছে আজ। সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার প্রদান করবেন। লক্ষণীয় ব্যাপার, ২০০৮ সালের ঘোষিত পুরস্কার তালিকায় ছিল সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের নাম। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ওই সময় আর্থিক পৃষ্ঠপোষণার জন্য ফেডারেশনগুলোর সঙ্গে একটি করে ব্যাংককে সম্পৃক্ত করে দেন মইন উ আহমেদ। ধেলাধুলা চাঙা করতে কিছু পদক্ষেপও তিনি নিয়েছিলেন।তবে আজ প্রধানমন্ত্রী ২০০৮ সালের যে পুরস্কার দিচ্ছেন, তাতে নেই মইন উ আহমেদের নাম। কী কারণে তাঁর নাম বাদ, সে ব্যাপারে ক্রীড়া প্রশাসন কিছু বলতে রাজি নয়। ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার গত রাতে নিশ্চিত করেছেন, মইন উ আহমেদের নাম নেই। একটি সূত্র জানিয়েছে, রাজনৈতিক সমালোচনা এড়াতে সাবেক এই সেনাপ্রধানের নাম বাদ দেওয়া হয়েছে।ক্রীড়া পুরস্কার প্রদানে দেরি হওয়ার কারণও নাকি মইন উ আহমেদ। তাঁকে পুরস্কার দেওয়া হবে কি হবে না, এই সিদ্ধান্ত নিতে নিতেই সরকারের লম্বা সময় লেগে গেছে। অবস্থা এমন, সেশনজট লেগে গেছে। ২০১০ ও ২০১১ সালের পুরস্কারের জন্য মনোনীতদের নামও ঘোষণা করা হয়নি।২০০৮ সালের পুরস্কারের মনোনয়ন দিয়ে গিয়েছিল সাবেক তত্ত্বাবধায়ক সরকার। ওই বছরের পুরস্কার পাচ্ছেন সুনীল কৃঞ্চ দে (ফুটবল), লে. (অব.) মোহাম্মদ আমজাদ হোসেন (অ্যাথলেটিকস), সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) লুৎফর রহমান (সাঁতার), ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকাত হোসেন (শরীরগঠন), সাইদুল হক সাদী (টেবিল টেনিস), মোহাম্মদ রুহুল আমিন (ভারোত্তোলন), খন্দকার আবুল হাসান (ভলিবল), সৈয়দ আবদুল মজিদ (ক্রিকেট) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (কাবাডি)।বর্তমান সরকার এসে ২০০৯ সালের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কারের মনোনয়ন দিয়েছে। এ তালিকায় আছেন দেওয়ান শফিউল আরেফিন (ফুটবল ও সংগঠক), বাদল রায় (ফুটবল), নাঈমুর রহমান (ক্রিকেট), সামছুল আলম মঞ্জু (ফুটবল), অঞ্জন চৌধুরী পিন্টু (সংগঠক), শাহেদ আসগর চৌধুরী (সংগঠক), হামিদা বেগম (অ্যাথলেটিকস ও সংগঠক), শামীম আরা টলি (প্রয়াত, অ্যাথলেটিকস), মোহাম্মদ মহসিন (হকি), মোস্তফা কামাল (ভারোত্তোলন)।