মঈন চান আক্রমণাত্মক ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজ দলের কাছ থেকে আক্রমণাত্মক ক্রিকেট আশা করেন পাকিস্তান কোচ মঈন খান। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে বেকায়দায় থাকা পাকিস্তানের জন্য রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি রীতিমতো মহারণ। সেই কঠিন ম্যাচে জয়ের জন্য
আগ্রাসনের বিকল্প নেই বলেই মনে করেন সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক, ‘প্রথম ম্যাচে আমরা হেরে কিছুটা বেকায়দায় আছি। কিন্তু তার পরও আমার দলের প্রতি আস্থা আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি কঠিন, সন্দেহ নেই। তবে আমাদের ওই ম্যাচটি জিততে হবে
আক্রমণাত্মক মনোভাব নিয়েই।’
নিজ দলের স্পিনাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করেন মঈন। তবে সত্যি সত্যি অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের জন্য স্পিনাররা সমস্যা কি না, এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন তিনি, ‘হয়তো তারা কিছুটা সমস্যায় পড়তে পারে। অস্ট্রেলিয়া ভালো দল। তারা বেশ কিছুদিন ধরে দারুণ ক্রিকেট খেলছে। তবে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পাকিস্তানি স্পিনারদের সত্যিই দারুণ বোলিং করতে হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বেশ কয়েকজনের মধ্য থেকে সঠিক স্পিনারটি বেছে নেওয়ার সুবিধা পাকিস্তান পাবে। তবে ম্যাচে কয়জন স্পিনার খেলবে, সেটা ম্যাচের আগে উইকেট দেখেই তাঁরা ঠিক করবেন বলে জানিয়েছেন মঈন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে আমরা শোয়েব মালিককে বোলিং দিইনি। নিঃসন্দেহে সে ভালো স্পিনার। তবে ম্যাচে কয়জন স্পিনার খেলবে, সেটা আমরা উইকেট দেখেই ঠিক করব।’