মঙ্গলবারই ঘোষণা হবে ২০১৫ বিশ্বকাপের সময়সূচি

এখনো অনেক দিন বাকি ক্রিকেট বিশ্বকাপের। শুরু হবে ২০১৫ সালে। কিন্তু সময়সূচিটা আগামীকাল মঙ্গলবারই ঘোষণা করে দেবে আইসিসি। স্বাগতিক দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দুটি পৃথক অনুষ্ঠানে জানানো হবে ক্রিকেটের সবচেয়ে বড় এই প্রতিযোগিতার সময়সূচি। আজ এক বিবৃতির মাধ্যমে খবরটি জানিয়েছে আইসিসি।
ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসরের সময়সূচি ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণার জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দুটি পৃথক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। অস্ট্রেলিয়ার অনুষ্ঠানটি আয়োজন করা হবে মেলবোর্নে। এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও আইসিসির বর্তমান সহসভাপতি আ হ ম মুস্তফা কামাল, আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন, স্থানীয় আয়োজক কমিটির সভাপতি রালফ ওয়াটারস ও প্রধান নির্বাহী জন হারডেন।
নিউজিল্যান্ডের অনুষ্ঠানটি আয়োজন করা হবে ওয়েলিংটনে। এখানে উপস্থিত থাকবেন আইসিসির সভাপতি অ্যালান আইজ্যাক ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান থেরেসি ওয়ালস। পিটিআই।