মজা দেখার অপেক্ষায় লাম
আগুন আগেই লেগে গেছে। কেউ জল ঢালার চেষ্টা করছে না। দুই শিবির থেকেই বরং হাওয়া দিয়ে জোরদার করে তোলা হচ্ছে আগুনকে। এখন শুধু মাঠে দাউদাউ করে জ্বলে ওঠার অপেক্ষা।সে অপেক্ষায় মনে হয় তর সইছে না জার্মান অধিনায়কের। আর্জেন্টাইনদের ‘চরিত্র’ নিয়ে কথা বলা শোয়েনস্টাইগারের কথাকে সমর্থনই দিলেন। সঙ্গে আরেক ধাপ এগিয়ে গিয়ে বললেন, ‘মাথাগরম’ আর্জেন্টাইনরা হারের পর কী করে, সেই মজা দেখার অপেক্ষায় আছেন তিনি!আর্জেন্টাইনদের মেজাজ নিয়ে কথা হচ্ছে। কিন্তু কয়েক দিন ধরে জার্মান শিবির থেকেই উত্তেজনাটা যেন বেশি ছড়াচ্ছে। আগুনটা জ্বেলেছিলেন শোয়েনস্টাইগার। বলেছিলেন, আর্জেন্টাইনরা প্রতিপক্ষকে সম্মান দিতে জানে না। শোয়েনস্টাইগার কথাটা বলেছিলেন, গত বিশ্বকাপের দিকে ইঙ্গিত করে। সেবার কোয়ার্টার ফাইনালে হারের পর দুই দল রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল। জার্মান অধিনায়ক লাম কথাটাকে প্রথমে পাত্তাই দিতে চাইলেন না, ‘আমাদের সামনে যে কাজ, সেদিকেই মন দিতে হবে। আমরা জানি, আর্জেন্টিনার সঙ্গে খেলাটা কঠিন হবে। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।’ এটুকু বলেই খোঁচাটা দিলেন, ‘আমাদের দেখতে হবে, লাতিনরা আরেকটা পরাজয় কীভাবে মেনে নেয়।’এমনিতে আর্জেন্টিনাকে ভালো দল হিসেবে মেনে নিতে লামের আপত্তি নেই। এমনকি ইংল্যান্ডের চেয়ে আর্জেন্টিনাকে এগিয়েও রাখছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে শেষ বাঁশি বাজার পর থেকেই আমরা আর্জেন্টিনার ম্যাচটার কথা ভাবছি। আমরা এই ম্যাচে এবার বিশ্বকাপের অন্যতম ফেবারিট দলের সঙ্গে খেলতে যাচ্ছি। কেউ তাদের ছোট করে দেখছে না। এই ম্যাচে আমাদের অতি-আশাবাদী হয়ে মাঠে নামার কোনো সুযোগই নেই। আমাদের প্রমাণ করতে হবে, আমরা আর্জেন্টিনার মতো দলকেও হারাতে পারি। ব্রাজিল, স্পেন, হল্যান্ড, আর্জেন্টিনার মতো দল ইংল্যান্ডের চেয়ে নিশ্চিতভাবেই ভালো দল।’ এসব কথা বলে আর্জেন্টিনার প্রশংসা যতই করুণ, জার্মানির জয় নিয়ে খুব একটা সন্দেহ নেই লামের। এখন অপেক্ষা শুধু আর্জেন্টিনার পরাজয়টা দেখার! শোয়েনস্টাইগার যা বলেছেন, সেটাতে পরোক্ষ সমর্থন দিয়ে বললেন, ‘বাস্তিয়ান যা বলেছে তো বলেছেই। আমরা তো জানিই, দক্ষিণ আমেরিকানরা খুব মেজাজি হয়। তারা মাথাগরম প্রকৃতির মানুষ এবং হারতে খুব অপছন্দ করে। আমাদের স্রেফ দেখতে হবে যে, ওরা কীভাবে হারে এবং হারের পর কী প্রতিক্রিয়া দেখায়।’এসব বলে লাম আবার রেফারিকে সতর্ক থাকতে বলছেন। মাঠের মধ্যে যদি কিছু বেধে যায়! লামের রেফারিদের নিয়ে কথা বলার অবশ্য আরও কারণ আছে। এই ম্যাচে তাঁকে মাঠে নামতে হবে ছয়জন হলুদ কার্ড দেখা খেলোয়াড় নিয়ে; যাঁদের মধ্যে তিনি নিজে ও শোয়েনস্টাইগারও আছেন! এঁরা কেউ হলুদ কার্ড দেখলে, জিতলেও সেমিফাইনালে খেলতে পারবেন না।‘মেজাজি’ আর্জেন্টিনার কিন্তু কার্ডের ঝুঁকিতে আছেন মাত্র তিনজন! এএফপি।