মজা পেয়েছেন রোনালদোও
১৭ অক্টোবর ২০০৭, ১১ জুন ২০০৮, ১১ ফেব্রুয়ারি ২০০৯; গত পরশুর আগ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বশেষ তিনটি আন্তর্জাতিক গোলের দিন-তারিখ! এই সময়ের মধ্যে একবার করে ফিফা বর্ষসেরা হয়েছেন, ব্যালন ডি’অর জিতেছেন। একবার ফিফার বর্ষসেরা রানারআপ ও একবার তৃতীয় হয়েছেন।কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে দিলেই যেন গোল করতে ভুলে যাচ্ছিলেন পর্তুগিজ উইঙ্গার। শুধু গোল না পেলেও কথা ছিল না। রিয়াল মাদ্রিদের, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যে রোনালদোকে মাঠে দেখা যায়; তাঁকেই তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিশ্বকাপের প্রথম ম্যাচেও খুঁজে পাওয়া গেল না সেই রোনালদোকে। অবশেষে তাঁর খোঁজ মিলল। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে হঠাৎ করেই মাঠে ফিরে এল সেই ডিফেন্স-চেরা দৌড়, সেই দুর্দান্ত পাস। নিজেকে ফিরে পেলেন রোনালদো। কিন্তু গোল কি পাওয়া হবে না? একবার বল পোস্টে লাগল, একবার গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারলেন না। ফর্ম ফিরলেও নিয়তি কি তাঁর পক্ষে কথা বলবে না? না, শেষ পর্যন্ত আর শত্রুতা ধরে রাখতে পারল না নিয়তি। নির্ধারিত সময়ের ঠিক তিন মিনিট আগে অবশেষে গোল খরাটা কাটালেন রোনালদো। ডিফেন্ডারকে টপকে সেকেন্ডের ভগ্নাংশের জন্য যেন বল হারিয়ে ফেললেন মাথার ওপর। তারপর আলতো টোকা দিয়ে গোলরক্ষককে পার করে বলকে পাঠিয়ে দিলেন জালে। এমন গোল এমনিতে দেখা খুব মজার। তার ওপর সেটা যদি হয়, রোনালদোরই। এতোদিন পর এভাবে গোল করায় দর্শকদের মতই মজা পেয়েছেন রোনালদো নিজে, ‘আসলেই খুব মজার গোল হয়েছে।’ রোনালদো অবশ্য নিজের গোল নিয়ে খুব উচ্চকণ্ঠ নন। তিনি উচ্চকণ্ঠ দলের পারফরম্যান্স নিয়ে। প্রতিপক্ষ যেই হোক, ৭ গোল করাটা ছেলেখেলা নয়। এমন দানবীয় জয় পাওয়ায় রোনালদো মেতে উঠেছেন সতীর্থদের বন্দনায়, ‘আমি খুবই খুশি। বিশ্বকাপের মতো আসরে সাত গোল করাটা সহজ কথা না। আমার সতীর্থ সবারই অভিনন্দন প্রাপ্য।’ ওয়েবসাইট।