মজার লাথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাগ-আউটে প্রতিপক্ষ কোচদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়, এমনকি হাতাহাতিও বিরল নয়। কিন্তু একই দলের একজন যদি আরেকজনকে লাথি মারেন? তা-ও আবার ক্লাবের সভাপতি সহকারী কোচকে! অদ্ভুত এ ঘটনা ঘটেছে ইংলিশ তৃতীয় বিভাগের একটা ম্যাচে। পোর্টসমাউথের সঙ্গে খেলছিল লেটন ওরিয়েন্ট। ডাগ-আউটে কোচদের ঠিক পেছনে বসে ছিলেন ক্লাবের সভাপতি ফ্রান্সিসকো বেচ্চেত্তি। হঠাৎ নিজের আসন ছেড়ে উঠে পড়েন। গিয়ে লাথি মেরে বসেন সহকারী কোচ অ্যান্ডি হেসেনথেলারকে। টিভি ফুটেজেও ধরা পড়েছে এ ঘটনা। স্বাভাবিকভাবেই, ম্যাচের পর সংবাদ সম্মেলনেও এ নিয়েই কথা হলো। পরে ওরিয়েন্ট এক বিবৃতিতে জানিয়েছে, পুরো ব্যাপারটা নাকি ভুল-বোঝাবুঝি। আসলে নাকি সভাপতি ‘মজা’ করে লাথি মেরেছেন। ম্যাচটা অবশ্য শেষ পর্যন্ত ওরিয়েন্টই জিতেছে। ‘মজা’ থেকে যদি জয় আসে তাহলে খারাপ কী? ইএসপিএন।