মঞ্চ প্রস্তুত
মাঝমাঠ থেকে ছুটছেন মেসি। অপ্রতিরোধ্য! ‘ডি’ বক্সের কাছাকাছি দেখলেন হিগুয়েইনকে। বাড়িয়ে দিলেন লম্বা থ্রু। দুজনকে কাটালেন হিগুয়েইন। ততক্ষণে ‘ডি’ বক্সের ভেতর ঢুকে গেছেন মেসি। হিগুয়েইনের পাস থেকে আবার মেসির পায়ে বল...গো-ও-ও-ও-ল!ঘোর কেটে যায় মাইক্রোফোন থেকে ভেসে আসা ঘোষণায়। কী একটা রিহার্সাল হবে। সবাই যেন মাঠ থেকে সরে যায়। কিন্তু এক দিন পরই যে মাঠে দাপিয়ে বেড়াবেন মেসি-হিগুইয়েন-ডি মারিয়ারা, নিরাপত্তার মহড়া দিতে আসা সোয়াত-র্যাব দিয়ে না ওঠালে দর্শকেরা এত সহজেই স্টেডিয়াম ছাড়ে? যতক্ষণ পারি থাকি না। নিবিড় পরিচর্যায় সর্বোচ্চ সবুজ হয়ে ওঠা ওই যে মাঠ, ওখানেই খেলবেন মেসিরা! ড্রেসিংরুম থেকে মাঠে নেমে আসা ওই টানেলটা দিয়ে বের হতে থাকবে তারার দ্যুতি—কী রোমাঞ্চ! কী রোমাঞ্চ!কাল বিকেলে তবু মাঠ ছেড়ে গেছে কৌতূহলী ভিড়। নির্বিঘ্নে হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর তো মাত্র এক দিন! স্বপ্ন আর রোমাঞ্চে সময়টা পার করে দিতে পারলেই সামনে এসে যাবে রক্তমাংসের মেসি, দেখা যাবে ‘অন্য গ্রহের’ ফুটবল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গড়াবে ঐতিহাসিক এক ম্যাচ।কাল মাঠ থেকে পাওয়া সর্বশেষ খবর, ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত বঙ্গবন্ধু স্টেডিয়াম। শঙ্কা যেটুকু আসছে আবহাওয়া রিপোর্ট থেকে। আজ অনুশীলনের দিন এবং কাল ম্যাচের দিনও নাকি বৃষ্টির আশঙ্কা আছে। মাঠ-সংশ্লিষ্টরা অবশ্য বলছেন, বৃষ্টিবাধা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পানিনিষ্কাশনব্যবস্থা ভালো নয়। তবে বৃষ্টি হলে যেন মাঠের ক্ষতি না হয় সে জন্য পুরো মাঠই ঢেকে দেওয়ার ব্যবস্থা হয়েছে। বিসিবি থেকে আনা হয়েছে মাঠ ঢাকার কাভার। সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর বদিউল আলমসহ ৩৫ জন মাঠকর্মী। আজ-কাল দুই রাতই মাঠ ঢাকা থাকবে কাভারে। বৃষ্টি হলে দিনের বেলায়ও আচ্ছাদিত হবে মাঠ।বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়াম নতুন করে সাজানো হয়েছিল আগেই। এবারও শুধু মাঠ নয়, আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচের সৌজন্যে স্টেডিয়ামের ড্রেসিংরুম দুটিও করা হয়েছে আধুনিক। সংস্কার করা হয়েছে প্রেসবক্স। বাংলাদেশের ফুটবলারদের কাছে মেসিদের খেলা স্বচক্ষে দেখার পাশাপাশি এ প্রাপ্তিও কম নয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ফুটবলের নতুন জোয়ার দেখছেন এত আয়োজনে, ‘সালাউদ্দিন ভাই আসার পর ফুটবলের যে রকম ক্রেজ তৈরি হয়েছে, তাতে এ রকম একটা কিছু আরও আগেই হওয়া উচিত ছিল। তবে এই একটা উপলক্ষ ফুটবলকে যে রকম জাগিয়ে দিল, এটা আমাদের কিশোর ফুটবলারদের মধ্যে একটা উন্মাদনা তৈরি করবে।’ কিন্তু ভালোর তো শেষ নেই! আমিনুলও মনে করেন, ‘যদি মেসিদের সঙ্গে আমাদের তরুণ ফুটবলারদের একটা অনুশীলন সেশনের ব্যবস্থা করা যেত, ভবিষ্যতের ফুটবলারদের জন্য সেটা বেশি ভালো হতো।’প্রীতি ম্যাচ থেকে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় প্রাপ্তি ভালো মাঠ আর আন্তর্জাতিক মানের ড্রেসিংরুম—এমনটাই মনে হচ্ছে জাতীয় দলের ফুটবলার ওয়ালি ফয়সালের। তবে কোনো কিছু পাওয়ার চেয়ে ধরে রাখা কঠিন। ভেতর থেকে আসা একটা দায়িত্ববোধ তাই নাড়া দিচ্ছে তাঁকে, ‘আমাদের উচিত এই ড্রেসিংরুম, এই মাঠকে সযত্নে রাখা। ড্রেসিংরুম যেন সব সময় এমন সুন্দর থাকে, বাইরের কেউ এসে যেন এসব নষ্ট না করে।’ আবাহনীর অধিনায়ক প্রাণতোষ বললেন, ‘ফুটবলের জন্য বাংলাদেশে আন্তর্জাতিক মাঠ, উন্নতমানের ড্রেসিংরুম দেখে যেতে পারছি—ফুটবলার হিসেবে এটা আমাদের জন্য বড় পাওয়া। এসব ধরে রাখতে পারলে ফুটবলের উন্নয়ন অসম্ভব নয়।’বাংলাদেশের ফুটবলে কত স্বপ্নই না এঁকে দিতে আসছেন লিওনেল মেসি! হায় মেসি, তুমি আরও আগে এলে না কেন?