
দেশের ঘরোয়া ফুটবল জৌলুশ হারিয়েছে অনেক আগেই। বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রায় ফাঁকা গ্যালারি এখন হাহাকার করে মরে দর্শকের জন্য। স্যাটেলাইট টেলিভিশনের কল্যাণে বাড়ির ড্রয়িং রুমে বসেই যেখানে মেসি-রোনালদো-নেইমারদের জাদুকরী ফুটবল উপভোগ করা যায়, সেখানে যানজট-জলজট পেরিয়ে স্টেডিয়ামে গিয়ে দেশি ফুটবলের পানসে স্বাদ আর রোচে না আমজনতার। দেশের ক্রিকেটও নিজেদের অন্য উচ্চতায় তুলে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যহীন ফুটবলকে সাধারণ মানুষের মন থেকে প্রায় মুছেই দিয়েছে। এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষস্থানীয় কর্তাদের মস্তিষ্কপ্রসূত বিশাল প্রাইজমানির ‘সুপার কাপ’ কিছুটা হলেও উত্তেজনা তৈরি করে ফুটবলপ্রেমীদের মধ্যে।
আজ সেই ‘কিছুটা উত্তেজনা’র সুপার কাপের ফাইনাল। মুখোমুখি হচ্ছে এবারের মৌসুমে তিনটি শিরোপা জয় করে নিজেদের প্রায় ‘অজেয়’ বানিয়ে ফেলা শেখ রাসেল ক্রীড়াচক্র ও সাফল্যবুভুক্ষু দর্শকনন্দিত দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অর্ধকোটি টাকার প্রাইজমানির পাশাপাশি শেখ রাসেলের শিরোপা চতুষ্টয় জয়ের অভিযান আর সুপ্ত আগ্নেয়গিরির মতো জেগে উঠে শ্রেষ্ঠত্বের মঞ্চে মোহামেডানের বিপুল বিক্রমে ফিরে আসা সুপার কাপের ফাইনালকে পরিণত করেছে ‘সুপার লড়াই’য়ে।
‘সুপার’ এই লড়াই আর কাউকে আকর্ষণ না করলেও দেশের আনাচ-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মোহামেডানের বিশাল সমর্থকগোষ্ঠীকে যে চুম্বকের মতো টানবে—এ কথা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। ২০০৯ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে প্রথম সুপার কাপের শিরোপার স্বাদ আস্বাদন করার পর প্রিয় দলকে যে বলতে গেলে সাফল্যহীনই দেখছে তারা। আজকের ফাইনাল তাই নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার জন্যই মোহামেডানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্তিত্বের লড়াইয়ে প্রিয় দলের পাশে মোহামেডানের সমর্থকেরা দাঁড়ালেই তো বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফাঁকা গ্যালারিগুলো মুখর হয়ে উঠতে পারে।
মোহামেডানের মতো শেখ রাসেলের অত দর্শকপ্রিয়তা নেই। অবশ্য নানা হিসাবের সমীকরণে আজ আবাহনীর বিশাল সমর্থকগোষ্ঠী শেখ রাসেলের পাঁড়ভক্ত বনে যাবে, সন্দেহ নেই। তা ছাড়া, এরই মধ্যে দলটি নিজেদের পরিণত করেছে ঘরোয়া ফুটবলের দারুণ এক শক্তিতে। দেশের শীর্ষ বেশ কয়েকজন ফুটবলারকে এই মৌসুমে দলে ভিড়িয়ে তারা সফল। প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলে শেখ রাসেল দেশের ঘরোয়া ফুটবলের সাফল্যের ইতিহাস অন্যভাবেই লিখেছে। সুপার কাপের শিরোপাটাও ঘরে তুলে শেখ রাসেল রক্ষা করতে চায় এই মৌসুমে তাঁদের সাফল্যের ধারাবাহিকতা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মোহামেডানের সঙ্গে দেশের সেরা ও অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া শেখ রাসেলের এই লড়াই তাই দর্শকদের মধ্যে আকর্ষণ তৈরি না করে পারেই না।
পবিত্র শবে বরাতের ছুটির কল্যাণে আজ বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুঁ মারতেই পারে অজস্র ফুটবলামোদী। হাতে মোহামেডানের সাদা-কালো কিংবা শেখ রাসেলের নীল-সাদা পতাকা নিয়ে উপস্থিত হলে, তা হবে দারুণ ব্যাপার। মেসি-রোনালদো-নেইমাররা তো আছেনই। দর্শক না হয় মাঠে গিয়ে দায়িত্ব নিল আরও একজন সালাউদ্দিন, মোনেম মুন্না, সালাম মুর্শেদী কিংবা রুম্মান বিন ওয়ালি সাব্বির তৈরির। দেশের ফুটবলের স্বার্থে আরও কিছু সালাউদ্দিন, মুন্না, সালাম, সাব্বিরের যে বড় প্রয়োজন।
কি, যাচ্ছেন তো মাঠে!