মঞ্চের উত্তাপ মাঠে নামার অপেক্ষা
শুরু হওয়ার কথা বিকেল চারটায়, কিন্তু সাড়ে ৪টার সময়ও দেখা গেল মঞ্চের ‘ব্যাকড্রপ’ বসছে। মূল অনুষ্ঠানে যেতে আরও ঘণ্টাখানেক। জাতীয়ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটা যেমন অনেক দেরিতে এল, খেলোয়াড় বাছাই অনুষ্ঠানের এই সময়ের পেছনে থাকাটাও যেন তার প্রতীকী।অফিস ক্রিকেট লিগ হয়েছে, সিসিডিএম ক্রিকেট মৌসুমের পর্দা ওঠায় টি-টোয়েন্টি লিগ দিয়ে। টি-টোয়েন্টি একেবারে ভিসা ছাড়া বাংলাদেশের ক্রিকেট ঢুকে পড়া কিছু নয়। তবে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে সরাসরি বোর্ডের তত্ত্বাবধানে টি-টোয়েন্টি টুর্নামেন্টটা অবশেষে হচ্ছে ১১ থেকে ২০ এপ্রিল।১০ দিনের টুর্নামেন্টের বিভাগওয়ারি ফ্র্যাঞ্চাইজি ও ‘আইকন’ খেলোয়াড় ছাড়া অন্য খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠান দিয়ে কালই আসলে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল জাতীয় লিগ টি-টোয়েন্টি। প্রথমে ইভেন্ট স্পনসর এটিএন রেকর্ডস ও টাইটেল স্পনসর ডেসটিনি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর হলো ফ্র্যাঞ্চাইজিগুলোর পরিচিতি। পাঁচটি দলের মালিকানা চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই। শুধু বরিশাল বিভাগের ভাগ্যটাই ঝুলে ছিল। সেটাও ঠিক হলো বাছাই অনুষ্ঠান শুরুর ঘণ্টা দেড়েক আগে। বরিশাল বিভাগীয় দলের ফ্র্যাঞ্চাইজি কিনেছেন বোর্ডের অন্যতম পরিচালক পারটেক্স গ্রুপের আজিজ আল কায়সার, তাঁর অংশীদার লা ভিঞ্চি হোটেলের পরিচালক সাইদুল আলম ও এনভয় গ্রুপের অন্যতম পরিচালক শেখ বশির আহমেদ। যাদের নাম বরিশাল ব্লেজার্স।আইসিএলের পর আইপিএল ক্রিকেট বিশ্বকেই বাধ্য করছে রংচঙে পথে হাঁটতে। এনসিএল টি-টোয়েন্টিতে দলগুলোর নামেও সেই ছায়া। ঢাকা বিভাগীয় দলের নাম ঢাকা ডায়নামাইটস। অনুষ্ঠান উপস্থাপক জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বললেন, ‘ঢাকা ডায়নামাইটসের আঘাতে মাঠের সব ঘাস না পুড়ে ছারখার হয়ে যায়!’ অনেকেই হাসলেন, ঢাকার ‘মেগা আইকন’ খেলোয়াড় মোহাম্মদ আশরাফুলও সেই হাসিতে যোগ দিলেন। প্রতিবাদ এল খুলনা ফ্র্যাঞ্চাইজির মালিক এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের তরফ থেকে। খুলনার নাম কিংস অব খুলনা, রকিবুল হাসান রসিকতা করে বললেন, ‘খুলনা না কিংস প্রন মানে, সুস্বাদু চিংড়ি হয়ে যায়!’ মাহফুজুর রহমান সঙ্গে সঙ্গেই মনে করিয়ে দিলেন, খুলনার সুন্দরবনই কিন্তু রয়েল বেঙ্গল টাইগারের বাসভূমি। অতএব বোঝাই যাচ্ছে, খুলনা এই প্রতিযোগিতায় রয়েল বেঙ্গল টাইগারের গর্জন তুলতে চায়।টুর্নামেন্টে ঝড় তুলতে চায় চট্টগ্রাম, তাই তাদের নাম সাইক্লোনস অব চট্টগ্রাম। রাজশাহীর নাম রাজশাহী রেঞ্জার্স, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বুশ রেঞ্জার্সের একটা গন্ধ কি পাওয়া যাচ্ছে না এই নামে? সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম সুলতানস অব সিলেট। খুলনার ‘মেগা আইকন’ সাকিব আল হাসান অনুষ্ঠানে ছিলেন না, ছিলেন না সিলেটের অলক কাপালিও। ছিলেন বাকি চারটি দলের সবচেয়ে বড় তারকা। ঢাকার আশরাফুলের কথা তো বলা হলোই। চট্টগ্রামের পক্ষে ছিলেন তাদের ‘মেগা আইকন’ তামিম ইকবাল, বরিশালের পক্ষে শাহরিয়ার নাফীস এবং রাজশাহীর পক্ষে নাঈম ইসলাম। খেলোয়াড় বাছাইয়ের জন্য আইকন খেলোয়াড় ছাড়া তালিকায় নাম ছিল ১১৯ জনের। চারজন আইকন খেলোয়াড়ের সঙ্গে আরও ১০ জন করে খেলোয়াড় নিয়েছে প্রতিটি দল। অবিক্রীত থেকে গেলেন প্রায় ৬০ জন। জাতীয় দলের পেসার শাহাদাত হোসেনও এঁদের একজন। এঁদের কী হবে? টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেনের কণ্ঠে দুঃখ ঝরে পড়ল, ‘কী আর করা? তবে প্রতিটি দল ২০ জন খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। অন্যদের থেকে অনেককেই হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো নেবে আশা করি।’ অবশ্য বিদেশি খেলোয়াড়েরাও ওঁদের মুখের গ্রাস কেড়ে নিতে পারেন। প্রতিটি দল ৬ জন করে বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। কালই কয়েকটি দল বলছিল, তারা ভালো বিদেশি খেলোয়াড়ও আনবে। মাশরাফি বিন মুর্তজা আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যুক্ত থাকায় আইকন খেলোয়াড় হিসেবে বিবেচিত হতে পারেননি। তবে পাওয়ার সম্ভাবনা কম জেনেও তাঁকে দলে নিয়েছে সিলেট।গাজী আশরাফকে আলাদাভাবে দুঃখ প্রকাশ করতে হয়েছে কালকের অনুষ্ঠান শুরুর বিলম্বের জন্যও। শেষ পর্যন্ত অবশ্য অনুষ্ঠানটা যেমন হয়েছে আনন্দের উপকরণই ছড়িয়ে ছিল। প্রতিটি ফ্রাঞ্চাইজির পরিচিতি তুলে ধরা হলো তরুণীদের ক্যাটওয়াকের মাধ্যমে, সংগীতের তালে তালে। লেজার শোর মনোমুগ্ধকর প্রদর্শনীও ছিল সঙ্গে। মোট কথা, মাঠে নামার আগে আনুষ্ঠানিকতার প্রথম মঞ্চেই উত্তাপ ছড়াল জাতীয় লিগ টি-টোয়েন্টি। বৈশাখী দুপুরে মাঠে উত্তাপ ছড়ালেই এখন হয়। বিদ্যুত্ পরিস্থিতির কারণে মাত্র পাঁচটি ম্যাচ হবে রাতে, আর সবই যে দিনের বেলায়।