মডরিচের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রোয়াট ফুটবলার লুকা মডরিচের বেড়ে ওঠাটাই যুদ্ধের মধ্য দিয়ে। নব্বইয়ের দশকে ইউরোপে যখন বলকান যুদ্ধের দামামা, তখন এই প্লে-মেকারের বয়স ছিল মাত্র ছয়। ক্রোয়াট সেনাবাহিনীতে কর্মরত বাবার ইচ্ছায় ভর্তি হয়েছিলেন একটি ফুটবল একাডেমিতে। বড় ফুটবলার হওয়ার স্বপ্নের শুরুটা তখনই। যুদ্ধের বীভত্সতা দেখে বড় হয়েছেন। বলকান যুদ্ধ তাঁর জীবন থেকে কেড়ে নিয়েছে প্রাণপ্রিয় দাদুকে। অনেক শোক আর কষ্টের মধ্য দিয়ে বড় হয়ে জীবনের অন্যসব নাটকীয়তা তাঁকে আর বিশেষ ভাবায় না। টোটেনহ্যাম হটসপারের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। জীবন এখন তাঁর স্বাচ্ছন্দ্য। কিন্তু কোনো কিছুই তাঁর মন থেকে মুছে দেয় না, সেই দিনগুলোর স্মৃতি। আসন্ন ইউরোয় ক্রোয়েশিয়ার অন্যতম বড় ভরসা মডরিচের কাছে ফুটবলের নাটকীয়তা তাই খুবই সাধারণ। ইউরোয় যত নাটকই মঞ্চস্থ হোক না কেন, কোনো নাটকই তাঁর জীবনের নাটকের চেয়ে বড় নয়, বড় হতে পারে না।বলকান যুদ্ধ তাঁর শৈশব কেড়ে নিয়েছিল। চোখের সামনে দেখেছেন পারিবারিক কষ্ট আর দুর্ভোগ। মাত্র ছয় বছর বয়সে তাঁকে বেছে নিতে হয় উদ্বাস্তুর জীবন। খাওয়ার কষ্ট,পড়ার কষ্ট পৌঁছেছিল চরম মাত্রায়। ওই দিনগুলোর স্মৃতি বর্ণনা করতে গিয়ে মডরিচ বলেন, ‘সত্যিই খুবই বেদনাদায়ক ছিল ওই সময়ের স্মৃতি। আমার, আমার পরিবারের ও আমার আত্মীয়-স্বজনদের কাছে ওই সময়ের স্মৃতি কোনোদিন ভুলে যাওয়ার মতো নয়। ক্রোয়েশিয়ার জন্য সত্যিই নিদারুণ কষ্টের সময় ছিল ওটা।’যুদ্ধের স্মৃতি কারও জন্যই সুখকর নয়। যেমন সুখকর নয় মডরিচের জন্যও। তিনি বলেন, ‘আমি ভুলে যেতে চেষ্টা করি ওই সময়টা; কিন্তু পারি না। ওই সময়টা নিয়ে কথা বলতেও আমার ভালো লাগে না। ওই যুদ্ধ দুঃখ ছাড়া আমাদের কিছুই দেয়নি।’তবে বলকান যুদ্ধের বীভত্সতা মানসিকভাবে শক্ত একজন ফুটবলারের জন্ম দিয়েছে বলেই মনে করেন মডরিচ। তিনি বলেন, ‘ওই কঠিন সময়টাই আজকের মডরিচকে জন্ম দিয়েছে। আমার মধ্যে যে মানসিক দৃঢ়তা, যে লড়াইয়ের মানসিকতাটা দেখা যায়, তাঁর মূলে আছে ওই যুদ্ধ।’ জীবনের নানা রং দেখে অভ্যস্ত মডরিচকে আর কোনো কিছুই নাকি এখন আর অবাক করে না। তিনি বলেছেন, জীবনের যেকোনো পরিণতির জন্যই তিনি মানসিকভাবে প্রস্তুত এখন।২৬ বছর বয়সী এই মডরিচ এখন গোটা ক্রোয়েশিয়ার স্বপ্ন বহন করে চলেছেন নিজের কাঁধে। একটু ভালো ফলাফল, ভালো জয়, গোটা ক্রোয়েশিয়ার মানুষকে আনন্দে ভাসাতে পারে। স্বপ্ন পূরণের লক্ষ্যে এবারের ইউরোয় ক্রোয়েশিয়ার পথ চলাটা অবশ্য যথেষ্টই কঠিন। তাদের গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। আছে ইতালি ও আয়ারল্যান্ড। সত্যিকারের যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন মডরিচকে অবশ্য এই চ্যালেঞ্জ খুব একটা বিচলিত করছে না। কারণ, অনেক বীভত্স চ্যালেঞ্জ এই জনমে দেখা আছে তাঁর। ক্রোয়েশিয়ার লক্ষ্যটা খুবই সোজা। মাঠের পারফরম্যান্সে ২০০৮ সালের ফলাফলকে উতরে যাওয়া। শেষবার দারুণ খেলেই কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু টাইব্রেকারের দুর্ভাগ্যে তুরস্কের কাছে থেমে যায় সেই পথচলা। সে ম্যাচের আরো একটি ব্যাপার মডরিচকে তাড়িয়ে বেড়ায় সেই বলকান যুদ্ধের মতোই। তুরস্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার পক্ষে প্রথম পেনাল্টিটি মিস করেছিলেন তিনি।‘ওটা আমার জীবনের আরো একটি দুঃসহ স্মৃতি। নিশ্চিত বিজয় হাতছাড়া হয়ে যাওয়ার মতো বাজে অনুভূতি আর কিছুতেই নেই।’ মডরিচের মন্তব্য। তবে প্রতিশোধের প্রাথমিক প্রক্রিয়াটা ক্রোয়েশিয়া এবার সম্পন্ন করেছে ইউরোর বাছাইপর্বেই। যে তুরস্কের কাছে হেরে ক্রোয়েশিয়ার স্বপ্নযাত্রার সমাপ্তি ঘটেছিল ২০০৮ সালে, সেই তুরস্ককেই এবার প্লে-অফে হারিয়ে ইউরোর চূড়ান্ত লড়াইয়ে জায়গাটা পাকাপোক্ত করা গেছে। এখন কেবল চূড়ান্তই লড়াইয়ের অপেক্ষা। লড়াইটা মডরিচেরও। পুরোনো দুঃসহ স্মৃতিকে পেছনে ফেলার সেই লড়াইয়ে যে তাঁর হার মানা চলে না!