মতের পরিবর্তন নেই প্লাতিনির
ফুটবলে প্রযুক্তির ব্যবহার হবে কি না, তা নিয়ে বিতর্কটা চলেছে দীর্ঘদিন ধরেই। বহু তর্ক বিতর্কের পর অবশেষে গোললাইন প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে সম্মত হয়েছে ফিফা। জাপানে চলমান ক্লাব বিশ্বকাপে যাচাই করা হচ্ছে এই গোললাইন প্রযুক্তির কার্যকারিতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা। তবে বরাবরের মতো এখনো ফুটবল অঙ্গনে এই প্রযুক্তি ব্যবহারের বিরোধিতা জারি রেখেছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। গোললাইন প্রযুক্তির পরিবর্তে অতিরিক্তি আরও কয়েকজন রেফারির ব্যবহার করলে সেটা অনেক সাশ্রয়ী হতে পারত বলে মত দিয়েছেন ফ্রান্সের এই কিংবদন্তি ফুটবলার।২০০৯ সালের পর থেকে ইউরোপিয়ান ফুটবলের বেশ কিছু প্রতিযোগিতায় গোললাইন রেফারি নিয়োগ করা হয়েছিল। ফুটবলে প্রযুক্তি ব্যবহারের চেয়ে এটা অনেক সাশ্রয়ী উপায় বলে এখনো মনে করেন উয়েফার সভাপতি মিশেল প্লাতিনি। ইউরোপের সব খেলায় এই গোললাইন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে আগামী পাঁচ বছরে প্রায় ৬৫ মিলিয়ন ডলার খরচ হবে বলে জানিয়েছেন তিনি। এতগুলো টাকা গোললাইন প্রযুক্তির পেছনে খরচ না করে তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়নে খরচ করলে অনেক লাভ হতো বলে মনে করেন প্লাতিনি। কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বছরে হয়তো একটা বা দুইটা গোলের সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য গোললাইন প্রযুক্তি ব্যবহার করা হবে। কিন্তু তার জন্য যে ৬৫ মিলিয়ন ডলার খরচ হবে, সেটা তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়নের কাজেই খরচ করতে চাইতাম আমি। যদি গোললাইন রেফারি নিয়োগ দেওয়া হয়, তাহলে তাঁরা লাইন থেকে মাত্র এক মিটার দূরে থাকবেন। আর তিনি স্পষ্টই দেখতে পাবেন যে বলটা গোললাইন অতিক্রম করেছে কি করে নি।’২০১০-এর বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের একটি শট গোললাইনের ভেতরে গিয়ে পড়লেও সেটা এড়িয়ে গিয়েছিলেন রেফারি। টিভি-রিপ্লেতে পরিস্কার দেখা যায় যে, বলটি গোললাইন অতিক্রম করেছিল। তারপর থেকেই ফুটবল অঙ্গনে বেশ জোরেশোরেই শুরু হয় গোললাইন প্রযুক্তি ব্যবহার নিয়ে বিতর্ক। ২০১২ সালের ইউরো কাপে সেই বিতর্কটি আরও উস্কে দেয় ইংল্যান্ডেরই আরেকটি ম্যাচ। ইউক্রেনের বিপক্ষে সেই ম্যাচে ইংলিশ ডিফেন্ডার জন টেরি গোললাইন অতিক্রম করা একটি বল বাইরে ফেরত পাঠালেও সেটা সনাক্ত করতে পারেননি রেফারি। পরিস্কারভাবেই সেই ম্যাচে গোলবঞ্চিত হয়েছে ইউক্রেন। এর পরেই ফুটবলে গোললাইন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেয় ফিফা। ওয়েবসাইট।