মদনভস্মের পূর্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ নিয়ে ব্রাজিলে নানান হিসাব: লাখ লাখ নতুন চাকরি, বিলিয়ন বিলিয়ন ডলার আয়, লাখ লাখ অতিরিক্ত পর্যটক, অর্থনীতিতে বিরাট বিনিয়োগ। ব্রাজিলের ভক্তদের জন্য এসব বড় সংখ্যা নিষ্প্রয়োজন: তাঁরা ক্ষুদ্র ‘ষষ্ঠ’ সংখ্যায় স্বপ্নাচ্ছন্ন: ছয় নম্বর শিরোপা জিততেই হবে।
বৃহস্পতিবার প্রথম দিনে ক্রোয়েশিয়ার সঙ্গে ৩-১ গোলে জিতে ব্রাজিল এ পথে পা বাড়াল। এর আগে ক্রোয়েশিয়ার সঙ্গে ২০০৬ সালে ব্রাজিল জিতেছিল কাকার একমাত্র গোলে। খেলার আগে কাকা তাঁর শিশুপুত্রকে নিয়ে নেইমারকে দোয়া করলেন৷ ১৯৫৪-তে জার্মানি-হাঙ্গেরি ফাইনাল খেলার ফলাফল প্রবীণ সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান জেনেছিলেন পরের দিন পত্রিকা পড়ে; এখন তাঁর সঙ্গে আমরাও চোখের সামনে এসব দেখলাম সরাসরি।
ধৃতরাষ্ট্র অন্ধত্বের কারণে কুরুক্ষেত্রের যুদ্ধের ধারাবিবরণী শুনেছিলেন সঞ্জয়ের মুখে। পৃথিবীর ইতিহাসের সেই প্রথম সরাসরি ধারাবিবরণী। টিভি-ইন্টারনেট দূরত্বারোপিত অন্ধত্বকে হটিয়ে দিয়েছে। এখন হাজার-হাজার সঞ্জয় ব্রাজিলে জেঁকে বসেছেন শতকোটি ধৃতরাষ্টকে তা জানাতে। প্রথম আলো থেকেও একজন সঞ্জয় (উৎপল শুভ্র) আছেন ব্রাজিলে।
সবার চোখ ছিল নেইমারের দিকে। দুটি গোল তাঁরই, একটি ২০ গজ দূর থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো কোনাকুনি শটে, অন্যটি এক হালকা পেনাল্টি থেকে, যা ক্রোয়াটরা দীর্ঘদিন ধরে ক্ষোভের সঙ্গে স্মরণ করবে। নেইমার হেডে গিয়ে মডরিচের মুখে কনুই ব্যবহার করাতে হলুদ কার্ড তার নিজের জন্য কিছুটা বিপদ জমিয়ে রাখল বৈকি। ব্রাজিলের অঢেল প্রাণশক্তির প্রমাণ অস্কার। খেলার শেষের দিকে তাঁর গোলটি যেমন মুনশিয়ানায় ভরা, তেমনি সারা খেলা তাঁর পরিশ্রম ও প্রতিভায় চিত্রিত।
ক্রোয়াটদের দুপ্রান্ত দিয়ে আক্রমণে ব্রাজিলের রক্ষণভাগ ব্যতিব্যস্ত হয়, ভেঙেও পড়ে। ওলিচ আর ইয়েলেভিচকে আটকাতে ব্রাজিল হিমশিম খায়। ক্রোয়েশিয়ার গোলটিও আসে ব্রাজিলিয়ান মার্সেলোর পা থেকে: এই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী খেলায় আত্মঘাতী গোল। এই ডিফেন্স নিয়ে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে কি না, এ প্রশ্ন জাগবেই।
দ্বিতীয় দিনে ‘বি’ গ্রুপে স্পেন-হল্যান্ড যেন ২০১০-এর ফাইনালটি আবার খেলল। কিন্তু ওই পর্যন্তই। স্পেনের ‘টিকি-টাকা’ ফুটবল আর ডাচদের সরাসরি গতিময়তার এই প্রতিযোগিতার ১-৫ ফলাফলে সবাই বিস্মিত। গদিনশিন চ্যাম্পিয়নরা কোনো দিন প্রথম ম্যাচে এভাবে হারেনি: ফন পার্সি আর রোবেনের এক জোড়া করে গোল। স্পেন ‘বি’ গ্রুপে শীর্ষে থাকতে পারবে না এবং চিলির সঙ্গে ভালো না করলে দ্বিতীয় রাউন্ডেও যাবে না। আর কোনোভাবে গেলেও সেখানে ব্রাজিলের সঙ্গে মোলাকাত।
মেক্সিকো আফ্রিকার ক্যামেরুনকে ১-০তে আর চিলি এশিয়ার প্রতিনিধি অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে প্রমাণ করল পেশাদারি আর সুদক্ষ ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। অস্ট্রেলিয়ার সীমাবদ্ধতা সবাই জানেন, কিন্তু দুঃখ হতেই পারে প্রতিভাবান ক্যামেরুনিদের জন্য। ওরা ব্রাজিলে আসার আগে দেশে বেতন-ভাতা নিয়ে ফুটবল ফেডারেশনের সঙ্গে জড়ায় দ্বন্দ্বে। দেখে মনেই হয়নি এটা রজার মিলার দেশের দল। রেফারির বাঁশিটা ঠিকভাবে বাজলে পরাজয় (০-১) আরও বড় হতে পারত।
এক রাউন্ড খেলার পরে ‘এ’ গ্রুপ থেকে পরের রাউন্ডে ব্রাজিলের সঙ্গী হওয়ার জন্য মেক্সিকো মাথা তুলে দাঁড়াল; ক্রোয়েশিয়া আর ক্যামেরুন হয়তো বাদই পড়ে যাচ্ছে। ‘বি’ গ্রুপ খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে।