মধুর সমস্যায় ইংল্যান্ড
আগামীকাল ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড। প্রথম টেস্টে হারের মুখ দেখলেও দ্বিতীয় টেস্টে ১০ উইকেটের জয় দিয়ে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। আর তৃতীয় টেস্টের আগ মুহূর্তে ইংল্যান্ডের নির্বাচকেরা পড়েছেন মধুর সমস্যায়। ডানহাতি পেসার স্টিভেন ফিন ইনজুরি কাটিয়ে দলে ফেরায় তৈরি হয়েছে এই সমস্যা। এখন তৃতীয় টেস্টের জন্য সহ-অধিনায়ক স্টুয়ার্ট ব্রড ও স্টিভেন ফিনের মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে হবে ইংল্যান্ডকে। অধিনায়ক অ্যালিস্টার কুক যেমনটা ইঙ্গিত দিয়েছেন তাতে মনে হচ্ছে, আগামীকাল ফিনকেই দেখা যাবে ইংলিশ বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে।ভারত সফরের প্রথম দুই টেস্টে একেবারেই নিষ্প্রভ হয়ে ছিলেন স্টুয়ার্ট ব্রড। একটি উইকেটও শিকার করতে পারেননি এই ডানহাতি পেসার। অন্যদিকে গত বছর ভারত সফরের সময় বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন স্টিভেন ফিন। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি শিকার করেছিলেন আটটি উইকেট। এই পরিসংখ্যানের বিবেচনায় হয়তো ফিনকেই দেখা যেতে পারে কলকাতা টেস্টে। তেমন ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকও। তিনি বলেছেন, ‘স্টিভেন ফিন এখন পুরোপুরি সুস্থ। সে দলে প্রতিযোগিতাপূর্ণ একটা পরিবেশ তৈরি করেছে। ফিন খুবই ভালো বোলার। প্রথম দুইটা ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল আমাদের। তাঁকে ফিরে পাওয়াটা সত্যিই খুব দারুণ ব্যাপার। আর এখন দল নির্বাচনের জন্য আমাদেরকে খুবই কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। তবে একজন অধিনায়ক হিসেবে এটাই কাম্য। আমরা সব সময় চাই প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য খানিকটা প্রতিযোগিতা থাকবে।’ভারতের মাটিতে স্টিভেন ফিন ইংল্যান্ডকে বাড়তি কিছু দিতে পারবেন বলে আশা করছেন কুক। তিনি বলেছেন, ‘অন্যদের তুলনায় ফিন কিছুটা দ্রুতগতিতে বল করতে পারে। আর সে এর আগে উপমহাদেশের উইকেটে ভালো বোলিং করেছে।’—ক্রিকইনফো