মধুর সমস্যায় ধোনি
দুটি স্লিপ, লেগ স্লিপ, শর্ট গালি ও সিলি পয়েন্ট রেখে বোলিং করছিলেন হরভজন সিং। টি-টোয়েন্টি ক্রিকেটই তো নাকি? পোশাকটা রঙিন না হলে টেস্ট ক্রিকেট বলে ভুল করার যথেষ্টই কারণ ছিল। স্পিনে টালমাটাল ইংলিশদের মহেন্দ্র সিং ধোনি যেন চূড়ান্ত লজ্জায় ডোবালেন এমন ফিল্ডিং সাজিয়ে।ইংলিশদের লজ্জার সাক্ষী হয়ে আছে স্কোরকার্ড আর রেকর্ড বইও। হরভজন সিং ও পীযূষ চাওলা—ভারতের দুই স্পিনার মিলে ৮ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। ৫ ওভারে ২ উইকেটে ৩৯ থেকে ১৩তম ওভারে ইংল্যান্ড হয়ে যায় ৯ উইকেটে ৬০! টি-টোয়েন্টির সর্বনিম্ন ইনিংসের শঙ্কায় তখন বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ উইকেট জুটির ২০ রানে শেষ পর্যন্ত কেনিয়ার ৬৭ রানকে টপকেছে ইংল্যান্ড, কিন্তু নিজেদের সর্বনিম্ন ইনিংসের লজ্জা (৮০) এড়ানো যায়নি। প্রথম একাদশের তিনজনকে (শেবাগ-জহির-অশ্বিন) বিশ্রামে রেখেও ভারত জিতেছে ৯০ রানে। টি-টোয়েন্টিতে যা তাদের সবচেয়ে বড় জয়। রানের হিসাবে আগের বড় জয়টি ছিল মাত্র ৩৯ রানের (শ্রীলঙ্কার বিপক্ষে)।দুই দলেরই সুপার এইট নিশ্চিত, জয়-পরাজয়ে এসে-যায় না কিছুই। দুই দল ম্যাচটাকে নিয়েছিল দুই ভাবে। জয়ের ধারা ধরে রাখতে ইংল্যান্ড নেমেছিল পূর্ণ শক্তি নিয়েই। আর ভারত ম্যাচটাকে নিয়েছিল পরীক্ষা-নিরীক্ষার উপলক্ষ হিসেবে। বহু আলোচনা-সমালোচনার পর অবশেষে পরশু পাঁচ বোলার নিয়ে মাঠে নেমেছিলেন ধোনি। এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্রামে রেখে খেলিয়েছেন হরভজন ও পীযূষকে। সব ফাটকাই প্রায় কাজে লেগে গেছে! রানখরায় থাকা গৌতম গম্ভীর করেছেন ৩৮ বলে ৪৫। প্রস্তুতি ম্যাচের পর আরেকটি ফিফটি পেয়েছেন রোহিত শর্মা। সব মিলিয়ে ধোনি এখন হাজারো সমস্যায়—অশ্বিন, না হরভজন? নাকি তিন স্পিনারের দুজন? সে ক্ষেত্রে পাঁচ বোলার, না চার বোলার? নাকি তিন স্পিনারই খেলানো!তবে এ সমস্যাগুলো কাঁটা হয়ে বিঁধছে না। মধুর সমস্যা, তাই যন্ত্রণাটাও মধুর। ধোনি বেশ উপভোগই করছেন এসব, ‘এ মুহূর্তে আমাদের অনেক সমস্যা। তবে অনেক বেশি বিকল্প থাকার সমস্যা কিছু না থাকার সমস্যার চেয়ে অনেক ভালো। পঞ্চম বোলার কে হবে, আরেকটা ওভার কে করবে এসব ভাবার চেয়ে ভালোদের একজনকে বেছে নেওয়া ভালো। এখনো জানি না, সামনে দল কেমন হবে। এটুকু বলতে পারি, দল নির্বাচন হবে উইকেট দেখে। আর বড় পরীক্ষা অপেক্ষা করছে আমাদের জন্য। আশা করি, আমরা ধারাবাহিক হতে পারব।’এক বছর পর দলে ফেরা হরভজনের জন্য ম্যাচটি ছিল বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে ভাজ্জি জিতলেন টি-টোয়েন্টিতে ভারতের সেরা বোলিংয়ের রেকর্ড (৪/১২) গড়ে! বাদ পড়ার আগে বোলিং করছিলেন খুব জোরে, ফ্লাইট হারিয়ে ফেলেছিলেন। পরশু যেন দেখা গেল পুরোনো হরভজনকেই। সেই ফ্লাইট, টার্ন ও লুপ। ম্যাচসেরা পারফরম্যান্সে অভিজ্ঞ স্পিনারের কণ্ঠেও ছিল উচ্ছ্বাস, ‘ভারতীয় দলের বাইরে থেকে...জানি না আমি আর কী করতে পারতাম! একটা বছর দলের বাইরে ছিলাম। চোট-ফর্ম, অন্য ছেলেরাও (পড়ুন অশ্বিন ও ওঝা) দারুণ করছে। আমার জন্য ম্যাচটা তাই ছিল চ্যালেঞ্জ। ম্যাচসেরার পুরস্কারটা আমার মা ও তাদের জন্য, যারা দুঃসময়ে আমার পাশে থেকেছে।’ম্যাচের স্কোরকার্ডও আসলে বোঝাতে পারছে না, ইংলিশরা স্পিনে কতটা অসহায় ছিল। স্পিনে এর চেয়ে বাজে পারফরম্যান্স আগে কখনো হয়েছে কি না, এই গুঞ্জনও উঠছে। তবে অধিনায়ক স্টুয়ার্ট ব্রড কিন্তু খুব বেশি চিন্তার কিছু দেখছেন না, ‘আন্তর্জাতিক ম্যাচে যেকোনো পরাজয়ই হতাশাজনক। তবে এই পরাজয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন কিছু হচ্ছে না, নেটে স্রেফ স্পিনারদের একটু বেশি খেলতে হবে। এই তো! ভারতের বিপক্ষে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আসল।’ ওয়েবসাইট।