মধুর সমস্যায় ফার্গুসন
এমন মধুর সমস্যায় পড়তে কোন কোচের না ভালো লাগে! দলে এত ভালো খেলোয়াড় যে একাদশে কাকে রেখে কাকে খেলাবেন! ২৮ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ঠিক এমনই এক মধুর সমস্যার চক্রে পড়েছেন। আর এ জন্য তিনি কৃতজ্ঞতাই প্রকাশ করেছেন তাঁর দলের খেলোয়াড়দের প্রতি।রোববার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটা দুর্দান্তভাবেই শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্ল্যাকপুলকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে গোটা হাওয়ায় উড়ছে এখন রেড ডেভিলসরা। এ জয়ের মধ্য দিয়ে ম্যান ইউ লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে নয় পয়েন্ট এগিয়ে থেকে মৌসুম শেষ করল। ২০০০-০১ মৌসুমের পর এবারই সবচেয়ে বেশি পয়েন্টে এগিয়ে থেকে লিগ জয় করল স্যার ফার্গুসনের ছেলেরা। ঘরোয়া মৌসুমের সবকিছু সুন্দর করে শেষ করে ম্যানইউয়ের চোখ এখন ওয়েম্বলির দিকে। ২৮ তারিখ এখানে এক মহারণে যে তারা মুখোমুখি হবে সর্ববিজয়ী বার্সেলোনার।চ্যাম্পিয়নস লিগ জিতে গেলে মৌসুমে আর কোনো অপূর্ণতা থাকবে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ওয়েম্বলির ফাইনাল নিয়েই আত্মবিশ্বাসীই শোনাচ্ছে ফার্গুসনের কণ্ঠ। তিনি বলেছেন, ‘আমার দলের এত ভালো খেলোয়াড় রয়েছে যে তাদের দিয়ে কমপক্ষে চার থেকে পাঁচটি কম্বিনেশন তৈরি করা সম্ভব। এবং সেই কম্বিনেশনগুলোর একটিও আমায় নিরাশ করবে না।’এডউইন ফন ডার সার, প্যাট্রিক এভরা, নেমানজা ভিদিচ, ড্যারেন ফ্লেচার এবং পার্ক জি সুং—এই পাঁচ খেলোয়াড়ই লিগের শেষ ম্যাচে ব্ল্যাকপুলের বিপক্ষে মাঠে নেমেছিলেন। ধারণা করা হচ্ছে এরা সকলেই ২৮ মে ওয়েম্বলিতে বার্সেলোনার বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশ আলোকিত করবেন। ব্ল্যাকপুলের বিপক্ষে ম্যাচটিতে রিও ফার্ডিনান্দ, ওয়েইন রুনি আর অ্যান্তেনিও ভ্যালেন্সিয়া সাইড বেঞ্চে বসে ছিলেন। এই তিনজন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেই একাদশে চলে আসবেন সন্দেহাতীতভাবেই।কোচ ফার্গুসন ম্যানইউয়ের এবারের দলটিকে ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবেই চিহ্নিত করতে চান। তিনি বলেছেন, ‘যাঁরা বলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এবারের দলটি ইতিহাসের অন্যতম সেরা নয়, তাঁরা অবশ্যই বোকার স্বর্গে বাস করছেন। গত নয় মাসের অভিজ্ঞতা থেকে বলছি, এবারের দলটি ইতিহাসে স্থান পাওয়ার মতোই দল।’ ওয়েবসাইট।