মধুর 'যন্ত্রণায়' বার্সা কোচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেদ্রো-সানচেজ ফর্মের তুঙ্গে। মেসি ফেরার পর কে বাদ পড়বেন—বার্সা কোচ পড়েছেন মধুর যন্ত্রণায়!
পেদ্রো-সানচেজ ফর্মের তুঙ্গে। মেসি ফেরার পর কে বাদ পড়বেন—বার্সা কোচ পড়েছেন মধুর যন্ত্রণায়!

চলতি মৌসুমে লিওনেল মেসির গোল ১৪, নেইমারের ১১, পেদ্রো রদ্রিগেজের ১৫, অ্যালেক্সিস সানচেজের ১৪। ইনজুরির ফাঁড়ায় পড়ে মেসি মাঠের বাইরে ছিলেন প্রায় দুই মাস। কদিন আগেই ন্যু ক্যাম্পে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক। নেইমারও ছুটি কাটিয়ে এখন কাতালান ডেরায়। বছরের শুরুতেই জেরার্ড মার্টিনো একসঙ্গে ফিরে পেয়েছেন তাঁর ভয়ংকর চার অস্ত্র। আর চারজনই খেলেন ফরোয়ার্ড পজিশনে। সঙ্গে ‘খণ্ডকালীন’ ফরোয়ার্ড সেস্ক ফ্যাব্রিগাস তো রয়েছেনই।
সাধারণত তিন ফরোয়ার্ড নিয়েই রণকৌশল সাজান মার্টিনো। মেসি ও নেইমারের অনুপস্থিতে বার্সার আক্রমণভাগ ভালোই সামলেছেন পেদ্রো ও সানচেজ। দুজনই রয়েছেন ফর্মের তুঙ্গে। বার্সার পক্ষে লিগে সবচেয়ে বেশি গোল এখন এ দুজনেরই (১১টি)। ওদিকে ছুটিতে যাওয়ার আগে নিজের জাতটা ভালোই চিনিয়েছেন ব্রাজিলীয় সেনসেশন নেইমার। আর মেসি? চারবার ফিফা বর্ষসেরার ফর্ম-প্রতিভা নিয়ে নতুন করে বলার আছে? এখানেই তো বেধেছে গোল! বার্সা কোচকে বেছে নিতে হবে তিনজনকে। তার মানে, বাদ পড়বেন যেকোনো একজন। আরও নির্দিষ্ট করে বললে মেসি খেললে, বাদ পড়তে হবে পেদ্রো, সানচেজ ও নেইমারের যেকোনো একজনকে।
আর এতেই মধুর যন্ত্রণায় পড়েছেন বার্সা কোচ। এখন কাকে বাদ দেবেন তিনি? অবশ্য গতকাল এলচের বিপক্ষে নেইমারকে (৮১ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন) বসিয়ে পেদ্রো, সানচেজ ও ফ্যাব্রিগাসকে দিয়ে আক্রমণভাগ সাজিয়েছিলেন মার্টিনো। নেইমারকে বসিয়ে রাখায় যারপরনাই হতাশ বার্সা ভক্তরা। তবে মার্টিনো বলেছেন, ‘সর্বশেষ কয়েকটি অনুশীলনে অ্যালেক্সিস খুবই ভালো করেছে। এ কারণেই ওকে (সানচেজ) খেলিয়েছি।’   

কোচের আস্থার প্রতিদান মাঠেই দিয়েছেন সানচেজ। এ বার্সা ফরোয়ার্ডের হ্যাটট্রিকের দিনে গোল পেয়েছেন আরেক ভরসা পেদ্রোও। দুজনের পারফরম্যান্সে দারুণ উচ্ছ্বসিত বার্সা কোচ, ‘অ্যালেক্সিস ও পেদ্রোর মতো খেলোয়াড় পেয়ে ভীষণ খুশি। তাঁরা অনেক পরিশ্রম করেছে এবং হাতেনাতেই ফল পেয়েছে।’ শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দূরের কথা, বুধবার কোপা দেলরেতে গেটাফের বিপক্ষে কে কে খেলবেন সেটিই নিশ্চিত করতে পারছেন না কাতালান কোচ, ‘সত্যি বলতে কী, বুধবারের ম্যাচে প্রথম একাদশে কে কে খেলছে এখনো জানি না।’ এমনকি ডিয়েগো সিমিওনের দলের বিপক্ষে মেসির খেলাও নিশ্চিত করতে পারেননি তিনি, ‘মনে হয়, অ্যাটলেটিকোর বিপক্ষে খেলতে সে মানসিকভাবে প্রস্তুত। কিন্তু পুরোপুরি প্রস্তুত না হলে সে যেই হোক, খেলাব না। ও যদি ভালো অনুভব না করে, তবে খেলবে না।’     

মেসি ফেরায় অন্য ফরোয়ার্ডদের বাদ পড়ার প্রসঙ্গটিও উড়িয়ে দিয়েছেন কাতালান কোচ। বলেছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়ের ফেরায় অন্যদের কোনো সমস্যা হবে না। বরং লিওকে (মেসি) নিয়ে আমরা আরও শক্তিশালী হব।’