
‘ভালোই লাগছে।’ পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়া শুধু এতটুকুই।
বাক্যের শেষে বিস্ময় চিহ্ন নেই, কারণ এতে বিস্ময়ের কিছু নেই। কথার ফুল ফোটানো তাঁর ধাতে নেই, দর্শনেও নেই। বরং ভালোর পরে যে একটা ‘ই’ প্রত্যয় যোগ করলেন, সেটুকুকেই বলা যায় বাড়তি। মুমিনুল হক বরাবরই ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে বিশ্বাসী। কম কথা বলা নিয়ে তাঁর একটি বক্তব্য তো বাংলাদেশের ক্রিকেটীয় লোকগাথায় স্থায়ী জায়গাই পেয়ে গেছে। গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে কথাবার্তায় তাঁর নির্লিপ্ততা নিয়ে এক সাংবাদিকের কপট অভিযোগের জবাবে বলেছিলেন, ‘কথায় মজা দিতে না পারি, মাঠে দেব।’ কথা ঠিকই রেখেছিলেন। সেই ম্যাচ বাংলাদেশ ড্র করতে পেরেছিল চতুর্থ ইনিংসে তাঁর দুর্দান্ত এক সেঞ্চুরিতে!
ওই ইনিংসে প্রমাণ হয়েছিল, ভবিষ্যৎ তো বটেই, মুমিনুল বাংলাদেশ ক্রিকেটের ঘটমান বর্তমান। আর এই বর্তমানের স্পষ্ট ইঙ্গিত ছিল গত বছরই।ওয়ানডে অভিষেক তাঁর ২০১২ সালের নভেম্বরে। গত বছর শ্রীলঙ্কা সফরে পা রেখেছেন টেস্টের আঙিনায়। গলে অভিষেক টেস্টে ৫৫।পরের টেস্টে প্রেমাদাসায় ৬৪ ও ৩৭। জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় টেস্টে হারারেতে ২৩ ও ২৯। দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজে নিজেকে নিয়ে গেলেন অন্য উচ্চতায়। চট্টগ্রামের মন্থর উইকেটে অসাধারণ সব ড্রাইভ খেলে ১৮১ রানের ঝকঝকে এক ইনিংস। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২২। পরের টেস্টে মিরপুরে ৪৭ ও অপরাজিত ১২৬। গত বছর টেস্ট খেলেছেন এই পাঁচটিই, দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে রান ৫৮৪, গড় ৮৩.৪২! এই পারফরম্যান্সে বর্ষসেরার লড়াইয়েই চলে এসেছিলেন। বর্ষসেরা উদীয়মানে তো তাঁর ধারেকাছেই নেই কেউ!
উদীয়মান মুমিনুলের হাতে পুরস্কার তুলে দিলেন ৮ বছর আগের উদীয়মান। ২০০৬ সালে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় সাকিব আল হাসান কাল সেই ট্রফি তুলে দিলেন মুমিনুলের হাতে। এটাই বেশি ছুঁয়ে গেছে মুমিনুলকে, ‘পুরস্কার পেয়ে ভালো তো লেগেছেই। সবচেয়ে ভালো লেগেছে সাকিব ভাইয়ের কাছ থেকে পেয়ে। সাকিব ভাই আমার নায়ক, সবচেয়ে প্রিয় খেলোয়াড়।’
সেই সময়ের উদীয়মান আজ মধ্যগগনের সূর্য। ২০০৮ সালেই জিতেছেন বর্ষসেরা খেলোয়াড়, সেই থেকে পাঁচ বছরে চারবারই সেরা হয়েছেন সাকিব। নায়কের পথ ধরে হাঁটার স্বপ্ন দেখছেন মুমিনুলও, ‘সাকিব ভাই চারবার সেরা হয়েছেন, এবার মুশফিক ভাই হলেন। আমিও চাই একদিন সেরা হতে। এই অনুষ্ঠান থেকে সবচেয়ে সেরা ট্রফিটা নিয়ে ফিরতে।’
সেই দিনের অপেক্ষায় গোটা বাংলাদেশই।